শিক্ষা

পড়ুয়া নেই, শিক্ষক হাজার হাজার! আবার এক শিক্ষকেই চলছে ৬,৭৬৯ স্কুল

ক্লাসরুমে নেই কোনও পড়ুয়া, অথচ খাতায়-কলমে সেই স্কুলগুলিতে কর্মরত হাজার হাজার শিক্ষক। আবার অন্যদিকে, রাজ্যের ৬ হাজারেরও বেশি বিদ্যালয়ে শত শত পড়ুয়ার দায়িত্ব সামলাচ্ছেন মাত্র এক জন শিক্ষক। তৃণমূল সরকারের দীর্ঘ দেড় দশকের শাসনে রাজ্যের স্কুলশিক্ষার পরিকাঠামোয় যে প্রবল বৈষম্য তৈরি হয়েছে, কেন্দ্রীয় সংস্থা ‘ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’ বা ইউডিআইএসই প্লাস-এর সাম্প্রতিক পরিসংখ্যানে তারই ছবি উঠে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৪,১৩৩টি স্কুলে বর্তমানে কোনও পড়ুয়া নেই। কিন্তু সেই স্কুলগুলিতেই কর্মরত শিক্ষক হিসেবে নথিভুক্ত রয়েছেন ১৯,৫০২ জন। সরকারি ও বেসরকারি—দুই ধরনের স্কুলের তথ্য মিলিয়ে এই চিত্র সামনে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে একজনও ছাত্রছাত্রী নেই, সেখানে এত সংখ্যক শিক্ষক কীভাবে কর্মরত রয়েছেন?

যদিও এই পরিসংখ্যানের পিছনে তথ্য আপলোডের ত্রুটিকেও অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তাঁর দাবি, বহু বেসরকারি স্কুল পোর্টালে সম্পূর্ণ তথ্য জমা দেয়নি। শিক্ষক সংক্রান্ত তথ্য আপলোড করা হলেও শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া হয়নি। ফলে সংশ্লিষ্ট স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ‘শূন্য’ হিসেবে দেখাচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রাজ্যের ৬,৭৬৯টি বিদ্যালয়ে শিক্ষকসংখ্যা মাত্র এক জন। অথচ এই স্কুলগুলিতে পড়াশোনা করছে ২ লক্ষ ২৯ হাজারেরও বেশি ছাত্রছাত্রী। ফলে একজন শিক্ষকের পক্ষে একসঙ্গে পঠনপাঠনের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলানো কার্যত অত্যন্ত কঠিন।

এই পরিস্থিতির জন্য আগের সরকারের আমলের শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতিকেই দায়ী করেছেন শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, দীর্ঘ ১৫ বছর ধরে দুর্নীতির কারণে শিক্ষক নিয়োগ কার্যত বন্ধ ছিল। বর্তমানে গোটা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর কাজ চলছে এবং চলতি বছরের শেষের মধ্যেই সমস্যার সমাধান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

রাজ্যের মোট ৯৩,১৪৭টি বিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করলেও স্কুলশিক্ষার এই অসম চিত্র স্পষ্ট হয়। রিপোর্ট বলছে, মোট স্কুলের প্রায় ৮ শতাংশ প্রতিষ্ঠানে পড়ুয়ার সংখ্যা ১০ জনেরও কম। বিপরীতে প্রায় ৮.৫ শতাংশ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৫০০-র বেশি।

এই বৈষম্য কমাতে ইতিমধ্যেই পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যে সমস্ত স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছেন, সেখান থেকে শিক্ষক ঘাটতিতে থাকা বিদ্যালয়গুলিতে বদলি করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের লক্ষ্য, শিক্ষক ও পড়ুয়ার সংখ্যার এই অসামঞ্জস্য দূর করে রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও ভারসাম্যপূর্ণ করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.