কয়েকদিন আগেও ফুটপাথে দুধ গরম করা নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাখির সকালে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতার পথে পথে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে রাখির উৎসবে মেতে উঠলেন তিনি। ফুটপাথবাসী থেকে অটোচালক—অনেকের হাতেই পরিয়ে দিলেন রাখি। ছোটদের হাতে তুলে দিলেন লাড্ডু ও চকোলেট।
রাখির দিন সকালেই কলকাতার বিভিন্ন এলাকায় বেরিয়ে পড়েন অগ্নিমিত্রা। গড়িয়াহাট-সহ একাধিক জায়গায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তাঁদের হাতে রাখি পরিয়ে দেন। পাল্টা ভালোবাসায় অনেকেই মন্ত্রীর হাতেও রাখি পরিয়ে দেন।
শুধু রাখি পরানোতেই থেমে থাকেননি অগ্নিমিত্রা। ফুটপাথে থাকা খুদেদের হাতে তুলে দেন লাড্ডু ও চকোলেটের প্যাকেট। মুহূর্তেই উৎসবের আবহ তৈরি হয় সেখানে।
‘সবাই তো ভারতের নাগরিক, রাখি পরাব না কেন?’
রাখির দিনে সাধারণ মানুষের সঙ্গে এইভাবে উৎসবে সামিল হওয়ার প্রসঙ্গে অগ্নিমিত্রার বক্তব্য, “সবাই তো বন্দেমাতরম বলে, সকলে ভারতের নাগরিক, কেন রাখি পরাব না?”
তবে উৎসবের মাঝেও রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে যাননি তিনি। যাদবপুর প্রসঙ্গে তাঁর দাবি, পশ্চিমবঙ্গ তথা যাদবপুর ভারতেরই অংশ এবং কোনওভাবেই এমন পরিস্থিতি বরদাস্ত করা হবে না, যেখানে মনে হবে যাদবপুর ভারতের বাইরে।
যে ঘটনাকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক
কয়েকদিন আগেই পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাথে এক মহিলা তাঁর নাতির জন্য দুধ গরম করছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিমিত্রার আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। দুধ গরম বন্ধ করার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনায় তাঁর মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে।
পরবর্তীতে অগ্নিমিত্রা নিজেই জানিয়েছিলেন, বিষয়টি অন্যভাবে, বুঝিয়ে বলা উচিত ছিল। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছিল চাপানউতোর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে ‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন সীতা ওরফে রশিদা। তাঁদের থাকার ব্যবস্থাও করে পুরসভা।
সেই বিতর্কের কয়েকদিন পরেই রাখির সকালে অগ্নিমিত্রার এই মানবিক ছবি নতুন করে নজর কাড়ল। রাজনৈতিক বিতর্কের বাইরে সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার এই মুহূর্ত কতটা জনমনে প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।







