অফবিট

ঘরে সবজি নেই? মসুর ডালেই জমবে দুপুরের পদ, বানিয়ে ফেলুন মুচমুচে কোফতা

রোজকার রান্নায় সবজি না থাকলে কী বানাবেন, তা নিয়ে চিন্তায় পড়তে হয় অনেককেই। তবে রান্নাঘরে থাকা মসুর ডাল দিয়েই যে দারুণ সুস্বাদু একটি পদ তৈরি করা যায়, তা হয়তো অনেকেরই জানা নেই। ভাত কিংবা রুটির সঙ্গে মসুর ডালের কোফতা হতে পারে একেবারে অন্যরকম আয়োজন।

 কী লাগবে?
মসুর ডাল দেড় কাপ, আদা ২ চা-চামচ, ১টি কাঁচালঙ্কা, ধনেপাতা ২ টেবিল চামচ, বেসন ২-৩ টেবিল চামচ, ডালিমবীজ ১ চা-চামচ, ভাজা জিরের গুঁড়ো ১ চা-চামচ এবং নুন। কোফতা ভাজার জন্য প্রয়োজনমতো তেল লাগবে।

গ্রেভির জন্য লাগবে ৩টি টমেটোর পিউরি, আধ কাপ কুচোনো পেঁয়াজ, জোয়ান ১ চা-চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা-চামচ, সম্ভার মশলা ১ টেবিল চামচ, ২ কাপ গরম জল, ঘি বা তেল এবং নুন।

কী ভাবে বানাবেন?
প্রথমে মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরিয়ে মিহি করে বেটে নিন। তার সঙ্গে আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা, বেসন, ডালিমবীজ, জিরের গুঁড়ো ও নুন মিশিয়ে শক্ত মিশ্রণ তৈরি করুন। হাতে সামান্য তেল মেখে ছোট ছোট গোল কোফতা বানিয়ে গরম তেলে সোনালি করে ভেজে নিন।

এবার অন্য কড়াইয়ে তেল বা ঘি গরম করে জোয়ান ও পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ হালকা সোনালি হলে টমেটোর পিউরি দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সম্ভার মশলা ও নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এলে গরম জল দিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে ভাজা কোফতা দিয়ে কয়েক মিনিট রান্না করুন।

ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন। সবজি না থাকলেও এই পদেই দুপুরের পাতে আসবে নতুন স্বাদের চমক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.