জেলা

পাঁশকুড়ায় ১১৫ বছরের সরকারি স্কুল ভাঙাকে ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অভিভাবকদের

পূর্ব মেদিনীপুর: সরকারি স্কুলের ভবন ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পাঁশকুড়া থানার অন্তর্গত বাহারপুর ১ নম্বর প্রাথমিক বিদ্যালয় ভাঙতে JCB পৌঁছতেই বিক্ষোভে সামিল হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন কয়েকজন বিক্ষোভকারী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১৫ বছরের পুরনো এই সরকারি স্কুলে বর্তমানে প্রায় ১৩০ জন পড়ুয়া পড়াশোনা করে। স্কুলে রয়েছেন চারজন শিক্ষক ও একজন শিক্ষিকা। তাঁদের মধ্যে একজন শিক্ষক প্রতিবন্ধী।

স্কুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। স্থানীয় বাসিন্দা অসিতকুমার মান্না ২০০১ সালে জমির মালিকানা দাবি করে মামলা করেন বলে জানা গিয়েছে। ২০১৩ সালে তমলুকের জেলা আদালতে স্কুল কর্তৃপক্ষ জয় পেলেও পরবর্তী সময়ে জেলা জজ আদালত এবং ২০২৪ সালে কলকাতা হাইকোর্টে মামলায় স্কুল কর্তৃপক্ষের বিপক্ষে রায় যায়। আদালতের নির্দেশের ভিত্তিতেই স্কুলের নির্দিষ্ট অংশের নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু হয় বলে স্থানীয় সূত্রের দাবি।

JCB নিয়ে স্কুলে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁদের আশঙ্কা, স্কুল ভেঙে দেওয়া হলে এই বর্ষার মরশুমে ১৩০ জন পড়ুয়ার পড়াশোনা কীভাবে চলবে।

এদিকে ভাঙার কাজ শুরু হতেই কান্নায় ভেঙে পড়ে খুদে পড়ুয়ারা। এক পড়ুয়ার কথায়, পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত, তাই এই স্কুলেই পড়াশোনা চালিয়ে যেতে চান তারা।

প্রশাসনের কাছে পড়ুয়াদের জন্য দ্রুত বিকল্প ক্লাসের ব্যবস্থা এবং ১১৫ বছরের ঐতিহ্যবাহী স্কুলটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.