রাজ্য

ভাবাদিঘির বুকেই রেলসেতু, কাটল জট! দ্রুত গতিতে এগোচ্ছে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ

ভাবাদিঘির উপর দিয়েই ছুটবে রেল। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে এবার দ্রুত গতিতে এগিয়ে চলেছে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ নির্মাণের কাজ। ডাবল ইঞ্জিন সরকারের আমলে প্রকল্পের কাজ গতি পাওয়ায় আশাবাদী ভাবাদিঘির আন্দোলনকারীরাও। সব ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই এই রেলপথের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘদিনের আইনি জট এবং স্থানীয় বাধা পেরিয়ে অবশেষে শেষ পর্যায়ে পৌঁছেছে বহু প্রতীক্ষিত তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ। গোঘাট ও কামারপুকুরের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক ভাবাদিঘিকে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, তা মিটিয়ে বর্তমানে জোরকদমে চলছে রেলসেতু তৈরির কাজ। দিঘির উপর ইতিমধ্যেই তৈরি হয়েছে ৯টি শক্তপোক্ত কংক্রিটের পিলার। এবার সেখানে গার্ডার বসানোর প্রস্তুতি শুরু হয়েছে।

একইসঙ্গে কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত অংশেও একাধিক গার্ডার ব্রিজ নির্মাণ এবং রেললাইন বসানোর কাজ দ্রুত এগোচ্ছে। রেলের ইঞ্জিনিয়ারদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। আগামী বছরের শুরুতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিকে কেন্দ্র করে এই পথে সরাসরি ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

সূত্রের খবর, কামারপুকুরে উপস্থিত থেকে তারকেশ্বর-বিষ্ণুপুর পূর্ণাঙ্গ রেলপথের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথে ডাবল ট্র্যাক তৈরির মতো একাধিক গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের ঘোষণাও হতে পারে।

ভবিষ্যতে হাওড়া থেকে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাও রয়েছে রেলের ভাবনায়। ইতিমধ্যেই ভাবাদিঘির সংস্কারের কাজ করা হয়েছে রেলের তরফে। দিঘির পাড়ও বাঁধানো হয়েছে। পাশাপাশি গ্রামের একমাত্র প্রাথমিক স্কুলটি অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে নতুন ভবন তৈরির কাজ চলছে। ফলে ডাবল ইঞ্জিন সরকারের উদ্যোগে দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের জিএম গীতিকা পান্ডে নিজে ভাবাদিঘিতে গিয়ে নির্মীয়মাণ রেলসেতু এবং গোটা প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। ২০২৬ সালের মধ্যে নির্ধারিত সমস্ত কাজ শেষ করার লক্ষ্যে নির্মাণের গতি আরও বাড়ানোর নির্দেশ দেন তিনি।

তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি এবং বিষ্ণুপুর—হুগলি ও বাঁকুড়ার এই চার ঐতিহ্যবাহী মন্দিরনগরীকে সরাসরি রেলপথে যুক্ত করবে এই প্রকল্প। ফলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি এবং পর্যটন শিল্পও উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ভাবাদিঘিকে কেন্দ্র করে এই রেল প্রকল্পে দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হয়েছিল। ভাবাদিঘির অংশ বাদ রেখেও দীর্ঘ সময় ধরে প্রকল্পের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। বর্তমানে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প দ্রুত শেষ করার উপর জোর দিয়েছে। সেই তালিকায় রয়েছে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথও।

এই প্রকল্পের একাংশ ইতিমধ্যেই চালু রয়েছে। ২০১৬ সালে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু হয়। অন্যদিকে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্তও ট্রেন চলছে। তবে ভাবাদিঘির পাশাপাশি কামারপুকুর ও জয়রামবাটির মধ্যবর্তী অমরপুরে জমি সংক্রান্ত জটের কারণে দীর্ঘদিন আটকে ছিল কাজ। বর্তমানে সেই সমস্যাও অনেকটাই মিটেছে। দ্রুত গতিতে এগোচ্ছে রেললাইন নির্মাণের পাশাপাশি বন্যাপ্রবণ অমরপুরের মাঠ এবং আমোদর নদের উপর গার্ডার ব্রিজ তৈরির কাজও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.