বঙ্গোপসাগরের নিম্নচাপ, জম্মু থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং বিহার-ঝাড়খণ্ডের উপর তৈরি ঘূর্ণাবর্ত—এই তিন আবহাওয়া ব্যবস্থার প্রভাবে কার্যত দুর্যোগের মুখে বাংলা। ‘ত্রিফলা’ প্রভাবে সোমবারের পর মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দিনভর বৃষ্টি হয়েছে। বুধবারও সেই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হচ্ছে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
কলকাতায় নামল তাপমাত্রা
বুধবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কলকাতায় ১২৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টির জেরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় ৪.৮ ডিগ্রি সেলসিয়াস কমে ২৮.৪ ডিগ্রিতে নেমেছে।
দক্ষিণবঙ্গে কোথায় বেশি বৃষ্টি?
বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে স্বস্তির খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে।
উত্তরবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির দাপট কমার কোনও লক্ষণ নেই। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও তার প্রভাব পুরোপুরি কাটেনি। ফলে আগামী ২৪ ঘণ্টা রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে পাহাড় ও নিচু এলাকার বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।







