পঞ্জাবের খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নাম। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়ায় তাঁকে ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
২০২২ সালে পঞ্জাব থেকে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন রাঘব চাড্ডা। তবে চলতি বছর এপ্রিল মাসে তিনি বিজেপিতে যোগ দেন। এর পর থেকেই তাঁকে ঘিরে পঞ্জাবের রাজনীতিতে জল্পনা বেড়েছে। এমন পরিস্থিতিতে খসড়া ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়া নতুন মাত্রা যোগ করেছে।
রাঘবের দাবি, মোহালিতে তাঁর ভোটার পরিচয়পত্র নথিভুক্ত রয়েছে। ফলে তাঁকে কেন ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ দেখানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আপ সরকার প্রশাসনকে ব্যবহার করে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নিশানা করছে বলেও দাবি করেছেন তিনি।
তবে সবচেয়ে বড় প্রশ্ন—ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কি রাজ্যসভার সাংসদ পদও খোয়াতে হবে?
এর উত্তর হল, না। পঞ্জাবের ভোটার তালিকায় নাম না থাকলেও রাঘব চাড্ডার রাজ্যসভার সদস্যপদ বাতিল হচ্ছে না। কারণ, ২০০৩ সালে জনপ্রতিনিধিত্ব আইনে সংশোধনের মাধ্যমে রাজ্যসভার সাংসদ হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের ভোটার হওয়া বাধ্যতামূলক থাকার নিয়ম তুলে দেওয়া হয়েছিল।
অর্থাৎ, খসড়া তালিকা নিয়ে বিতর্ক থাকলেও আপাতত সাংসদ পদ নিয়ে কোনও আশঙ্কা নেই। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি বা সংশোধনের আবেদন করার সুযোগ রয়েছে। অক্টোবর মাসে প্রকাশিত হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা। ফলে শেষ পর্যন্ত রাঘবের নাম তালিকায় ফেরে কি না, এখন সেদিকেই নজর।







