বিশ্ব

চেরনোবিলের সুরক্ষাবলয়ে ফাটল: রুশ ড্রোন হামলার জেরে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের স্টিল-নির্মিত সুরক্ষাবলয় রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে—আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ১৯৮৬ সালের ভয়াবহ পরমাণু বিপর্যয়ের স্মৃতি এখনও দগদগে হয়ে আছে বিশ্বের বুকে। তার মাঝেই ক্ষতিগ্রস্ত সুরক্ষাবলয়ের খবর নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে—ফের কি জেগে উঠতে পারে ‘ঘুমন্ত দানব’ চেরনোবিল?
আইএইএ জানিয়েছে, গত সপ্তাহে পরিদর্শনের সময় দেখা যায়—চেরনোবিলের উপর বসানো ‘স্টিল আর্ক’ কাঠামোর একাংশ রাশিয়ার ড্রোন আক্রমণে ফাটল ধরেছে। সংস্থার ডিরেক্টর রাফায়েল গ্রসি জানান, “বিকিরণ-ঢালটির প্রাথমিক সুরক্ষা ক্ষমতা কমে গেছে। যদিও এর ভারবহন বা মনিটরিং সিস্টেমে স্থায়ী ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে মেরামত করা হয়েছে, তবে দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য পুনরুদ্ধার অত্যন্ত জরুরি।”
চেরনোবিল দুর্ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণের শিকার হয়েছিলেন প্রায় ৩ লক্ষ ৪০ হাজার মানুষ। কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হলেও, বিপুল পরিমাণ পারমাণবিক বর্জ্য আজও সেখানে রয়েছে। বিকিরণের আশঙ্কা রুখতে ‘এক্সক্লুসন জোন’-এ নিয়মিত মাপঝোক চালানো হয়।
বর্তমান পরিস্থিতিতে সুরক্ষাবলয় ক্ষতিগ্রস্ত হওয়ার খবর বিশেষজ্ঞদের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ সামান্য ফাটল থেকেও দীর্ঘমেয়াদে বিকিরণ লিকেজের ঝুঁকি বেড়ে যেতে পারে। ইতিমধ্যে ইউক্রেন প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ টিম মোতায়েন করেছে।
চেরনোবিল বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর পারমাণবিক বর্জ্যভাণ্ডারগুলির একটি। রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে দফায় দফায় সংঘর্ষ এই ভয় আরও বাস্তব করে তুলছে। আন্তর্জাতিক মহল বলছে—চেরনোবিলকে ঘিরে কোনও ঝুঁকি নেওয়ার অবকাশ নেই। ক্ষত যত দ্রুত সারানো যাবে, ততই নিরাপদ থাকবে গোটা ইউরোপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.