জেলা

SIR-এর প্রতিবাদে দাঁতনে তৃণমূলের বাইক মিছিল, কেন্দ্রের বিরুদ্ধে ‘হেনস্থা’র অভিযোগ

কেন্দ্রীয় সরকারের SIR প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন-১ ব্লকে শাসকদলের উদ্যোগে আয়োজিত হল একটি বিশাল বাইক মিছিল। ব্লক সভাপতি মনিশঙ্কর মিশ্রের আহ্বানে মনোহরপুর ফুটবল মাঠ থেকে সোনাকোনীয়া বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মিছিলে কয়েকশো বাইক অংশ নেয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মনিশঙ্কর মিশ্র, যুব সভাপতি তরুণ দাস-সহ অঞ্চল ও বুথ স্তরের একাধিক নেতা-কর্মী। স্লোগানে মুখর হয়ে ওঠে দাঁতনের বিভিন্ন রাস্তা।

মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের SIR প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। ব্লক সভাপতি মনিশঙ্কর মিশ্র অভিযোগ করেন, “বিজেপি পরিকল্পিতভাবে বাংলার মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করছে। SIR চাপিয়ে দিয়ে বাঙালিদের নিশানা করা হচ্ছে।” তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেও প্রশ্নের মুখে তোলেন এবং দাবি করেন, এর মাধ্যমে বাংলাকে অস্থির করার চেষ্টা চলছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই বাইক মিছিল কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের উপর ‘অযথা চাপ’ ও ‘হেনস্থা’র বিরুদ্ধে প্রতিবাদের বার্তা।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে SIR ইস্যুতে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে জেলার বিভিন্ন কর্মসূচিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.