সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য বড় খবর। ১৭৪৮টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং টেলিকমিউনিকেশন শাখায় নিয়োগ হবে। পাশাপাশি ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদেও নিয়োগের সুযোগ রয়েছে।
কবে থেকে আবেদন?
SSC-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিপ্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৩ সেপ্টেম্বর রাত ১১টা। কোনও ভুল সংশোধনের সুযোগ থাকবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
কোন পদে কত বেতন?
নিয়োগের ক্ষেত্রে মূলত গ্রুপ বি, লেভেল-৬ পে স্কেল প্রযোজ্য হবে। নির্বাচিত প্রার্থীদের বেতন হতে পারে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে সাধারণভাবে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত হতে পারে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পদভেদে প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা ডিগ্রি। তাই আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পদের শর্তের সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি।
আবেদনের সময়সীমা এক নজরে
আবেদন শুরু: ২ সেপ্টেম্বর
আবেদনের শেষ দিন: ২২ সেপ্টেম্বর, রাত ১১টা
ফি জমার শেষ সময়: ২৩ সেপ্টেম্বর, রাত ১১টা
কারেকশন উইন্ডো: ২৮-৩০ সেপ্টেম্বর
কীভাবে করবেন আবেদন?
প্রথমে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে One Time Registration (OTR) সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট পরীক্ষার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর পছন্দের পদ ও পরীক্ষাকেন্দ্র নির্বাচন করে প্রয়োজনীয় লাইভ ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন। আবেদন সম্পূর্ণ হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পরিচয়পত্র-সহ প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখুন। শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে যত দ্রুত সম্ভব আবেদন করে নেওয়াই ভালো।
SSC-এর এই নিয়োগে একসঙ্গে ১৭৪৮টি সুযোগ—তাই যোগ্যতা থাকলে আবেদনের শেষ তারিখের অপেক্ষা না করে প্রস্তুতি নিয়ে ফর্ম পূরণ করে ফেলুন।







