“আমি দেশ ছেড়ে পালাইনি। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে দেশ ছেড়েছিলাম” এদেশের তদন্তকারী সংস্থাগুলি যখন তাকে হাতে পেতে মরিয়া , তখনই একথা জানিয়ে দিলেন বিজয় মালিয়া ! ৯ হাজার কোটি টাকার ঋণ না মেটানোর অভিযোগ রয়েছে বিজয় মালিয়ার বিরুদ্ধে। এবার ব্রিটেনে রাজ শামানির একটি পডকাস্টে এসে সাক্ষাৎকার দিতে দেখা গেল তাকে ।
এই পডকাস্টে এসে বিজয় মালিয়া স্পষ্ট জানিয়ে দেন , ২০১৬ সালে তিনি দেশ ছেড়ে পালাননি । তিনি বলেন , “আমি দেশ ছেড়ে পালাইনি। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে দেশ ছেড়েছিলাম। তারপর ফিরিনি যে সমস্ত কারণে, তার যথেষ্ট ভিত্তি রয়েছে। আপনি যদি তারপর আমাকে পলাতক বলতে চান তো বলুন। কিন্তু চুরি ব্যাপারটা এল কোথা থেকে? চোর শব্দটা আমাকে বলবেন না।”
পাল্টা রাজ শামানি বিজয় মালিয়াকে তিনি ভারতে ফিরতে চান কিনা প্রশ্ন করলে , তিনি উত্তরে বলেন , “আমাকে যদি আশ্বস্ত করা হয়, যে আমাকে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার অংশ হিসাবে দেখা হবে। স্বচ্ছ্বভাবে জীবনযাপনের অধিকার দেওয়া হবে। তাহলে দেশে ফেরার ব্যাপারে ভাবতেই পারি।” তবে ভারত সরকারের পক্ষ থেকে বিজয় মালিয়ার এই মন্তব্যে , এখনো কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি ।







