রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির মধ্যেই ফের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। সেপ্টেম্বরের শেষ দিকে নতুন করে বিপদ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে এখন থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মালদার মানিকচকে ইতিমধ্যেই ১৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত। দুর্গতদের জন্য শেল্টার হোম, খাবার ও প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। হাওড়ার আমতা, খানাকুল এবং হুগলির একাধিক এলাকাতেও জলজনিত সমস্যা রয়েছে বলে জানানো হয়েছে।
ফরাক্কা-সহ বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও যাতায়াতের ব্যবস্থাও জোরদার করা হয়েছে। দুর্গতদের জন্য ২০টি বাস চালানো হচ্ছে। পাশাপাশি নদীভাঙন রুখতে আগামী দু’বছরের মধ্যে দীর্ঘমেয়াদি প্রকল্পের সুফল দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে বর্তমান পরিস্থিতি সামলানোর পাশাপাশি সেপ্টেম্বরের শেষের সম্ভাব্য বিপদ নিয়েও সতর্ক প্রশাসন। মুখ্যমন্ত্রীর বার্তা, পরিস্থিতি যতই কঠিন হোক, দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণে কোনও খামতি রাখা হবে না।







