কলকাতা

পচা মাংস থেকে ছত্রাক ধরা সবজি, খাবারের মান পরীক্ষায় নামী রেস্তরাঁতেও বড়সড় গরমিল

কোথাও ফ্রিজের মধ্যে মজুত পচা মাংস, কোথাও আবার আলু ও বেবিকর্নে ছত্রাকের আস্তরণ। এমনকী নষ্ট ছানা দিয়েই তৈরি হচ্ছিল মিষ্টি। রাজ্যজুড়ে বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও খাবারের দোকানে স্বাস্থ্যদপ্তরের অভিযানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর ছবি। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে পার্ক স্ট্রিটের একাধিক নামী রেস্তরাঁর রান্নাঘরের পরিস্থিতি ঘিরে। করিমস, ডন জিওভানি, তুংফংয়ের মতো জনপ্রিয় রেস্তরাঁ খাবারের মান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। অন্যদিকে মোক্যাম্বো ও আর্সেলান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও খাবারের গুণমান নিয়ে বড়সড় অনিয়ম ধরা পড়েছে। কামালগাজি থেকে সোনারপুর, বহরমপুর থেকে আলিপুরদুয়ার—বিভিন্ন এলাকায় একাধিক খাবারের দোকান মান পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সেগুলি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ করা হয়েছে। বাগদার একটি মিষ্টির দোকানে দইয়ের মধ্যে ছত্রাকের সন্ধান মেলে। রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশও নজরে আসে আধিকারিকদের। এরপর দোকানে থাকা একাধিক খাদ্যসামগ্রী ও উপকরণ ফেলে দেওয়া হয়।

রাজ্যের বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও খাবারের দোকানে খাদ্যসামগ্রীর গুণমান এবং স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে গত তিনদিন ধরে অভিযান চালাচ্ছে স্বাস্থ্যদপ্তর। এখনও পর্যন্ত রাজ্যের মোট ২,৩৩৭টি জায়গায় পরিদর্শন করেছেন আধিকারিকরা।

শুক্রবার বিকেলে পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁগুলিতে অভিযান চালাতে গিয়ে বেশ কিছু গুরুতর অনিয়মের সন্ধান পান তাঁরা। যে সব রেস্তরাঁয় চড়া দামে খাবার পরিবেশন করা হয়, সেখানেই পচা মাংস মজুত, মেয়াদ পেরিয়ে যাওয়া তেল ব্যবহার, ছত্রাক ধরা আলু-বেবিকর্ন এবং নষ্ট ছানা দিয়ে মিষ্টি তৈরির মতো ঘটনা সামনে এসেছে। ফলে একাধিক নামী রেস্তরাঁর খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে বৃহস্পতিবার ট্যাংরার বিভিন্ন রেস্তরাঁতেও অভিযান চালিয়েছিল স্বাস্থ্যদপ্তর। সেখানে ‘বিগ বস’-এর মতো রেস্তরাঁতেও একাধিক অসঙ্গতি ধরা পড়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পরপর অভিযানে খাবারের মান ও রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়ে যে ছবি সামনে এসেছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.