দিল্লিতে এক উচ্চপদস্থ আইআরএস অফিসারের কন্যাকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এই নৃশংস অপরাধে গ্রেফতার হয়েছে ২৩ বছর বয়সী অভিযুক্ত Rahul Meena, যিনি আগে ওই পরিবারের গৃহসহায়ক হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় সপ্তাহ আগে আর্থিক অনিয়মের অভিযোগে কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল রাহুলকে। কিন্তু সেই ক্ষোভ থেকেই পরিকল্পনা করে সে আবার ওই বাড়িতে প্রবেশ করে। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা জিমে গেলে সুযোগ নেয় অভিযুক্ত। পূর্বপরিচিত হওয়ায় বাড়ির নিরাপত্তা ব্যবস্থা ও রুটিন সম্পর্কে তার পূর্ণ ধারণা ছিল।
পুলিশের দাবি, ছাদের স্টাডি রুমে একা পড়াশোনা করছিলেন ওই তরুণী। সেখানেই প্রথমে তাকে আক্রমণ করে রাহুল। বাধা পেয়ে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়, ফলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্ত তাকে নিচে টেনে এনে বায়োমেট্রিক লকার খোলার চেষ্টা করে। অচেতন অবস্থায় আঙুল ব্যবহার করেও লকার না খোলায় শেষে স্ক্রু-ড্রাইভার দিয়ে ভেঙে ফেলে এবং নগদ অর্থ ও গয়না লুঠ করে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সকাল ৬টা ২৮ মিনিটে আবাসনে প্রবেশ করে রাহুল এবং ৭টা ২২ মিনিটে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর নিজের রক্তমাখা জামা বদলে সে পরিবারের অন্য সদস্যের পোশাক পরে পালিয়ে যায় বলে অভিযোগ।
তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অনলাইন গেমিংয়ের নেশা ও আর্থিক সঙ্কটের অভিযোগ রয়েছে। এমনকি রাজস্থানের আলওয়ারেও তার বিরুদ্ধে একই ধরনের অপরাধের অভিযোগ রয়েছে।
প্রায় ১৫টি বিশেষ দল গঠন করে তদন্ত চালিয়ে অবশেষে দ্বারকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।







