ফের কলকাতায় ভয়াবহ আগুন। বড়বাজার থানা এলাকার এজরা স্ট্রিটে বুধবার রাত ৮টা নাগাদ আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে। এজরা স্ট্রিটে টেরিটি বাজারের কাছে একাধিক ইলেকট্রি সরঞ্জামের দোকানে আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, “রাত ৯টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আনাচে কানাচে কিছু জায়গায় আগুন এখনও রয়ে গিয়েছে। সেগুলিও নেভানোর কাজ চলছে।”
সেই মুহূর্তে আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও পরবর্তীতে জানা যায়, টেরিটি বাজারের উল্টো দিকে কাঠের বাক্সের গুদাম থেকেই আগুন ছড়িয়েছে। ঘটনা স্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন পোঁছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয় সূত্রে খবর যে কাঠের গুদামে আগুন লেগেছিল তার ঠিক পাশেই বৈদ্যুতিক সরঞ্জামের গুদাম। দাহ্য পদার্থ উপস্থিত থাকায় সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।
আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে দমকলমন্ত্রীও পৌঁছে যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি জানিয়েছেন,”গুদামের ভিতরে কিছু দাহ্য বস্তু মজুত রয়েছে। সেই কারণে আনাচে কানাচে জ্বলতে থাকা ছোট ছোট আগুনগুলিকে নেভাতে কিছুটা সময় লাগতে পারে। যদিও আগুন আর ছড়াবে না।”
এজরা স্ট্রিটের ঘিঞ্জি অঞ্চল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সমস্যার সম্মুখীনও হয়েছে দমকলকর্মীরা। যে গুদামে আগুন লেগেছে, তার পাশেই একটি বহুতলও রয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পরে তার জন্য সাবধানতা অবলম্বন করতে হয়েছে দমকলকর্মীদের।







