কলকাতা: এই প্রথমবার সিনে ফেডারেশন আয়োজন করেছিল বিজয়া সম্মিলনীর। শুক্রবার রাতে টেকনিশিয়ান স্টুডিয়ো যেন রূপ নেয় এক তারকাখচিত চাঁদের হাটে। বিকেল থেকেই হাজির তারকারা—জিৎ, আবির, শিবপ্রসাদ, অনিন্দ্য থেকে শুরু করে একে একে অনেকেই। সন্ধ্যা নামতেই আসেন অভিনেতা-সাংসদ দেব। প্রায় একই সময়ে পৌঁছন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। সাম্প্রতিক অতীতে দেব ও কুণালের সোশ্যাল মিডিয়া তরজা যেমন শিরোনামে ছিল, তেমনি এদিন তাঁদের মুখোমুখি হওয়া নিয়ে উৎসুক ছিল পুরো ইন্ডাস্ট্রি।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস একে একে তারকাদের সম্মান জানাচ্ছিলেন। তখনই মন্ত্রী অরূপ বিশ্বাস মঞ্চে বলে ওঠেন—“আমি অনুরোধ করছি, দেব যেন কুণাল ঘোষকে সম্মাননা প্রদান করে।” মুহূর্তেই চারপাশে চাপা উত্তেজনা। দু’জনের মুখেই হাসি। দেব এগিয়ে এসে কুণাল ঘোষকে সম্বর্ধনা দেন এবং মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, “ও কুণালদা, আর কতদিন পিছনে লাগবে, আগে আমাকে ক্লিয়ার করো!”
পরিস্থিতি সামাল দিতে কুণাল ঘোষ রসিকতার সুরে জবাব দেন, “আমার উত্তরটা স্পষ্ট—পিছনে লাগতে গেলেও ভালো পিছন দরকার।” হাসির রোল পড়ে চারপাশে। এরপরই নিজেকে সামলে নিয়ে কুণাল বলেন, “দেবের জন্য আমার অনেক শুভেচ্ছা। আমি দেবকে খুব ভালোবাসি, এ নিয়ে কাউকে কৈফিয়ত দিতে হবে না। ইন্ডাস্ট্রিতে দেব মানেই দেব। আমাদের দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল, আছে, থাকবে।”
দেবও মঞ্চে কুণালের কাঁধে হাত রেখে বলেন, “কুণালদা আমার কাছের মানুষ। উনি ছবিও করছেন—আমার শুভেচ্ছা রইল। আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে, নেতিবাচকতার কোনও জায়গা নেই।”
শেষ পর্যন্ত ফেডারেশনের বিজয়া সম্মিলনী রূপ নেয় সৌহার্দ্যের উৎসবে। টলিউডের এই মিলন কি আগামী দিনের ইতিবাচক পরিবেশের ইঙ্গিত? উত্তর সময়ই দেবে।
#Tollywood #Dev #KunalGhosh #SwarupBiswas #AroopBiswas #CineFederation #BijoyaSammilani #EntertainmentNews #PositiveVibes







