আইএসএল কবে শুরু হবে, কোন কোন দল অংশ নেবে, প্রতিযোগিতার ফরম্যাটই বা কী হবে—এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর মিলল। আইএসএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আসন্ন মরশুমের সূচি ও প্রতিযোগিতার কাঠামো সম্পর্কে বিস্তারিত ঘোষণা করেছে।
এর আগে দেশের অন্যতম সেরা ফুটবল লিগ আইএসএল পরিচালনার দায়িত্বে ছিল রিলায়েন্স। গত মরশুমে কোনও রকমে প্রতিযোগিতা আয়োজন করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে এবার নতুন ব্যবস্থায় ক্লাবগুলির জোটের সঙ্গে যৌথভাবে লিগ পরিচালনা করবে ফেডারেশন।
জানা গিয়েছে, আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে আইএসএল। প্রতিযোগিতা চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। মোট ১৩টি দল অংশ নেবে এই মরশুমে। আগের মতোই হোম-অ্যাওয়ে পদ্ধতিতে হবে লিগের ম্যাচ। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলকে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে। এরপর লিগের সেরা ছয়টি দল প্লে-অফে মুখোমুখি হবে আইএসএল কাপ জয়ের লক্ষ্যে। সব মিলিয়ে এবার মোট ১৬৩টি ম্যাচ খেলা হবে।
এআইএফএফের তরফে জানানো হয়েছে, ফেডারেশন এবং ক্লাব জোটের সম্মিলিত উদ্যোগেই এবার লিগ আয়োজিত হচ্ছে। এর মাধ্যমে ভারতীয় ফুটবলকে নতুন দিশা দেওয়া, একটি সুসংগঠিত ফুটবল ক্যালেন্ডার তৈরি, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং দেশের ফুটবলের উন্নতির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাই লক্ষ্য।
এবারের আইএসএলে অংশ নেবে বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, ইন্টার কাশি, কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। তবে চার্চিল ব্রাদার্সের অংশগ্রহণ এখনও কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভরশীল।
প্রথমে ১৪টি দলকে নিয়ে আইএসএল আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে কলকাতার ডায়মন্ড হারবার এফসি। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিতে পারেনি তারা।
এআইএফএফ স্পষ্ট করে দিয়েছে, ডায়মন্ড হারবার এফসির ক্ষেত্রে অবনমনের নিয়মে কোনও বিশেষ ছাড় দেওয়া হবে না। ফলে নিয়ম অনুযায়ী দলটিকে লিগ টেবিলের সবার নীচে রাখা হবে এবং পরের মরশুমে তাদের দ্বিতীয় ডিভিশনে খেলতে হবে। অর্থাৎ, নিয়ম মেনেই ডায়মন্ড হারবারকে অবনমিত দল হিসেবে গণ্য করা হবে। এর ফলে পরবর্তী মরশুমে ফের ১৪টি দলকে নিয়ে আইএসএল আয়োজনের সম্ভাবনাও বজায় থাকছে।







