কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির দৌলতে আজকাল মুহূর্তের মধ্যে তৈরি হচ্ছে ছবি, ভিডিও ও কণ্ঠস্বরের নকল সংস্করণ। প্রযুক্তির এই অগ্রগতির মাঝেই বেড়ে চলেছে ডিপফেক ও পরিচয় জালিয়াতির মতো অভিযোগ। এবার সেই সমস্যার বিরুদ্ধেই আইনি পদক্ষেপ করলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা।
জানা গিয়েছে, নিজের ব্যক্তিত্বগত অধিকার, কপিরাইট এবং জনসমক্ষে গড়ে ওঠা ভাবমূর্তি রক্ষার দাবিতে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুমতি ছাড়াই তাঁর ছবি, পরিচয় ও অন্যান্য উপাদান ব্যবহার করে এআই-নির্ভর কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে। এর ফলে শুধু তাঁর ব্যক্তিগত অধিকারই ক্ষুণ্ণ হচ্ছে না, প্রভাব পড়ছে তাঁর পেশাগত সুনামেও।
আদালতে জমা দেওয়া আবেদনে প্রীতি দাবি করেছেন, তাঁর পরিচয়কে কাজে লাগিয়ে তৈরি হওয়া এসব কনটেন্ট বিভ্রান্তি ছড়াতে পারে এবং দর্শকদের ভুল বার্তা দিতে পারে। পাশাপাশি, ১৯৫৭ সালের কপিরাইট আইনের আওতায় তাঁর নৈতিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ প্রাথমিকভাবে অভিনেত্রীর আবেদন গ্রহণ করেছে। ফলে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পথ খুলে গেল। আদালত সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য শোনার পর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এআই ও ডিপফেকের অপব্যবহারের বিরুদ্ধে এর আগেও একাধিক তারকা আদালতের শরণাপন্ন হয়েছেন। ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, বিবেক ওবেরয়, আল্লু অর্জুন এবং বরুণ ধাওয়ান-সহ বহু তারকা তাঁদের নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছেন।
এদিকে, নিজের আগামী ছবি Batwara 1947-এর প্রচারে ব্যস্ত প্রীতি জিন্টা। তবে ব্যস্ত পেশাগত সূচির মাঝেও ব্যক্তিগত অধিকার ও ডিজিটাল পরিচয়ের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রযুক্তির যুগে সেলিব্রিটিদের পরিচয় সুরক্ষার প্রশ্নে এই মামলা যে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে, তা বলাই যায়।







