বিরিয়ানি মানেই চিকেন বা মাটন—এই ধারণা এবার বদলে ফেলুন। বিশেষ দিনের মেনুতে রাখতে পারেন মালাই প্রন বিরিয়ানি। চিংড়ির মিষ্টি স্বাদ, নারকেলের দুধের মোলায়েম ভাব এবং সুগন্ধি বাসমতি চালের মিশেলে তৈরি এই পদ একবার খেলেই মন ভালো হয়ে যাবে।
উপকরণ
৫০০ গ্রাম বড় চিংড়ি, ২ কাপ বাসমতি চাল, ১ কাপ নারকেলের দুধ, ২টি পেঁয়াজ, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ৩-৪টি কাঁচালঙ্কা, ২ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ তেল, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, হলুদ ও নুন লাগবে। সঙ্গে রাখুন পুদিনা-ধনেপাতা এবং সামান্য জাফরান।
বানানোর পদ্ধতি
প্রথমে চিংড়ি পরিষ্কার করে হলুদ, নুন ও সামান্য লেবুর রস মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর অল্প তেলে চিংড়ি হালকা ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, তা হলে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে।
এবার একই কড়াইয়ে ঘি ও তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজ সোনালি করে ভেজে আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে কষিয়ে নিন। এরপর নারকেলের দুধ ও সামান্য নুন দিয়ে কয়েক মিনিট রান্না করুন।
অন্যদিকে বাসমতি চাল ৭০-৮০ শতাংশ সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। হাঁড়িতে প্রথমে ভাতের স্তর দিন। তার উপর চিংড়ি ও নারকেলের দুধের মিশ্রণ ছড়িয়ে আবার ভাত দিন। উপরে জাফরান মেশানো দুধ, পুদিনা, ধনেপাতা ও সামান্য ঘি ছড়িয়ে ঢাকনা বন্ধ করে কম আঁচে ১০-১৫ মিনিট দমে রাখুন।
গ্যাস বন্ধ করে আরও পাঁচ মিনিট রেখে তারপর ঢাকনা খুলুন। গরম গরম মালাই প্রন বিরিয়ানি পরিবেশন করুন রায়তা বা স্যালাডের সঙ্গে।







