দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় দুই দলের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। সংঘর্ষে জড়িয়ে পড়ল আইএসএফ-সিপিএম এবং বিজেপি। দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে লাঠালাঠি, মারধর এবং কটূক্তির অভিযোগ উঠেছে। ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জীবনতলা থানার পুলিশ।
জানা গিয়েছে, একটি রাজনৈতিক সভা শেষ করে ফেরার সময় জীবনতলা বাজার এলাকায় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সেই বচসা বড় আকার নেয়। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি এবং মারামারি। কয়েকজন কর্মী-সমর্থক লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালান বলে অভিযোগ।
ঘটনার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওগুলিতে জীবনতলা বাজার এলাকার উত্তপ্ত পরিস্থিতির ছবি দেখা গিয়েছে। অভিযোগ, কয়েকজনের হাতে পেরেক লাগানো লাঠিও ছিল এবং তা দিয়েই হামলা চালানো হয়।
সংঘর্ষে দুই পক্ষের মিলিয়ে প্রায় ৩০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা যাচ্ছে।







