রাজ্য

কলকাতা পুরভোটে কোমর বাঁধছে বঙ্গ বিজেপি, পুজোর মধ্যেই চূড়ান্ত হতে পারে প্রার্থী তালিকা

কলকাতা পুরসভা দখলের লক্ষ্যে আগেভাগেই রণকৌশল সাজাতে শুরু করেছে বঙ্গ বিজেপি। কোন পথে এগিয়ে পুরভোটে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব, তা নিয়ে দলের অন্দরে চলছে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক। সূত্রের খবর, পুজোর মধ্যেই কলকাতা পুরভোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নেতৃত্ব। এমনকি পুজোর সময়েই প্রথম দফার প্রার্থীদের নাম প্রকাশ করা হতে পারে। ভোটের আগে প্রার্থীদের হাতে যাতে প্রায় এক মাস প্রচারের সময় থাকে, সেই লক্ষ্যেই এই সময়সীমার মধ্যে তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রার্থী হওয়ার ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহের জন্য ‘ড্রপ বক্স’ চালুর কথাও ভাবছে রাজ্য বিজেপি।

সাধারণত বিজেপির পুরভোটের প্রার্থী হওয়ার আবেদনপত্র মণ্ডল অথবা জেলা নেতৃত্বের কাছে জমা দিতে হয়। পরে সেই আবেদন রাজ্য স্তরে পৌঁছয়। পুরভোটের দায়িত্বপ্রাপ্ত কমিটি আবেদনগুলি খতিয়ে দেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করে। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মতামতও নেওয়া হয়। দলীয় সূত্রে খবর, প্রতিটি ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই ১০ থেকে ১৫ জন করে দাবিদার রয়েছেন। তাঁদের আবেদনের পাশাপাশি ‘ড্রপ বক্স’-এর মাধ্যমে আরও আবেদন জমা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর কলকাতা পুরভোটকে কোনওভাবেই হালকা ভাবে নিতে চাইছে না বিজেপি। কলকাতা পুরসভা নিজেদের দখলে আনতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন রাজ্য নেতারা। গোটা প্রস্তুতি পর্বের উপর নজর রাখছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতা পুরভোটের দায়িত্ব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। দায়িত্ব পেয়েই পুরভোটের প্রস্তুতিতে সক্রিয় হয়েছেন সুকান্ত।

বিজেপির প্রবীণ নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে কো-ইনচার্জ। এছাড়াও শিল্পমন্ত্রী তাপস রায়ের মতো অভিজ্ঞ নেতাকে কমিটির কনভেনরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিধায়ক রীতেশ তেওয়ারি রয়েছেন কো-কনভেনর পদে। রাজু বন্দ্যোপাধ্যায়ের দাবি, সাধারণ মানুষের আশীর্বাদেই এবার কলকাতা পুরসভা বিজেপির দখলে আসবে। পুরভোটকে সামনে রেখে দলের কর্মীরা ইতিমধ্যেই জোরকদমে ময়দানে নেমে পড়েছেন বলেও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, কলকাতা পুরভোটের প্রচারের জন্য ওয়ার্ডভিত্তিক ছয় দফা পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি। প্রথমত, বড় জনসভা এড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের উপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন মহল্লায় ছোট ছোট বৈঠকের আয়োজন করা হবে। দ্বিতীয়ত, তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার বিরুদ্ধে অব্যবস্থা, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক চার্জশিট তৈরি করা হবে।

তৃতীয়ত, ভাইফোঁটার পর প্রকাশ করা হবে দলের পুরভোটের ইস্তেহার। চতুর্থত, পুরনো এবং নতুন কর্মী-নেতাদের মধ্যে সমন্বয় রেখে ওয়ার্ডভিত্তিক প্রচার চালানো হবে। পঞ্চমত, তৃণমূলের দেওয়া কোন কোন প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, তা ওয়ার্ড ধরে সাধারণ মানুষের সামনে তুলে ধরবে বিজেপি। আর ষষ্ঠত, পুরভোটের ইস্তেহার তৈরির ক্ষেত্রেও সাধারণ মানুষের মতামত নেওয়ার পরিকল্পনা রয়েছে দলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.