খাবারের পর এবার নজরে ওষুধ। এতদিন ধরে খাদ্য দফতরের আধিকারিক এবং পুলিশের যৌথ অভিযানে কলকাতার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ থেকে উদ্ধার হয়েছে বাসি ও পচা মাংস। কোথাও পনিরে মিলেছে চুল, আবার কোথাও মিষ্টিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম রং। এবার নজর ঘুরল ওষুধের দোকানের দিকে।
বুধবার বড়বাজারের একটি ওষুধের দোকানে হানা দেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই তুলনামূলক কম দামে ওষুধ কেনার জন্য বহু মানুষ বড়বাজারের বিভিন্ন দোকানে যান। সেই সুযোগে ক্রেতাদের সঙ্গে কোনও ধরনের প্রতারণা হচ্ছে কি না, সেটিই যাচাই করছেন আধিকারিকরা। ওষুধের ব্যাচ নম্বর পরীক্ষা করার পাশাপাশি সেগুলি আসল না নকল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
দুর্গাপুজো শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগে কলকাতার বিভিন্ন প্রান্তে জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান। অপরিচ্ছন্ন পরিবেশ, খাবারে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পরিবেশনের মতো অভিযোগে ইতিমধ্যেই শহরের প্রায় ৪০টি রেস্তোরাঁ ও দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে। একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট দোকান ও রেস্তোরাঁগুলি। যদিও পরে নতুন করে ফুড লাইসেন্সের জন্য আবেদন করার সুযোগ থাকছে বলে জানা গিয়েছে।
অভিযানে কোথাও উদ্ধার হয়েছে প্রায় ২৫ কেজি তৈরি খাবার, কোথাও ফ্রিজে মজুত রাখা কাঁচা মাংস। আবার কোনও রেস্তোরাঁ থেকে পাওয়া গিয়েছে মেয়াদ উত্তীর্ণ খাদ্য, কোথাও বা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা ছিল সবজি। খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে একের পর এক অনিয়ম সামনে আসার পরই কড়া পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে। এবার সেই নজরদারির আওতায় এল ওষুধের দোকানও।







