কলকাতারাজ্য

অপেক্ষার অবসান, দরজা খুলতে চলেছে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের বিশাল ভবনের

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কয়েকদিন আগে নিজে গিয়েই সবটা খতিয়ে দেখে এসেছিলেন । শেষ মুহূর্তের কাজ দেখে খুশিও হয়েছিলেন তিনি । কিন্তু, কবে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের দরজা খুলবে তা তখনও জানা যায়নি। তবে এবার অপেক্ষার অবসান। জানা গিয়েছে , আগামী ১২ জুলাই খুলতে চলেছে দরজা । কলকাতা হাইকোর্টের এই সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে জলপাইগুড়ির পাহাড়পুরে । আগামী ১২ জুলাই তারই উদ্বোধন হতে চলেছে ।

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের এই সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি , রাজ্যের মুখ্যমন্ত্রী , আইনমন্ত্রী প্রমুখ। শুক্রবার হাইকোর্টে উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাজ্যের সঙ্গে । এই বৈঠকে প্রধান বিচারপতির নেতৃত্বে অন্য সাত বিচারপতিও উপস্থিত ছিলেন । এছাড়াও , এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গেই অর্থ, পূর্ত সচিব ও এডিজি আইন শৃঙ্খলা। বৈঠকে আলোচনা করা হয় , কিভাবে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হবে । জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এই অনুষ্ঠানের যাবতীয় উদ্যোগ নেবেন ।

উল্লেখ্য, বেশ কিছু বছর আগে থেকেই শুরু হয়েছিল স্থায়ী সার্কিট বেঞ্চ তৈরির কাজ। এবার অবশেষে কাজ সম্পন্ন । জাতীয় সড়কের ধারে তৈরি হয়েছে সার্কিট বেঞ্চের বিশাল ভবন। গত ৮ মেই রাজ্যের তরফে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.