নিজস্ব সংবাদদাতা:
কলকাতার হৃদয়ে, প্রিন্স আনোয়ার শাহ রোডে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সাউথ সিটি মল এখন আর শুধুই শহরের অন্যতম প্রিয় গন্তব্য নয়—এবার তা পরিণত হল আন্তর্জাতিক বিনিয়োগ জায়ান্ট ব্ল্যাকস্টোনের সম্পদে। ৩২৫০ কোটি টাকার এক অভূতপূর্ব চুক্তিতে হাতবদল হল দশ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত এই আইকনিক মল।
গত মার্চে গুঞ্জন শুরু, আর এখন সেই জল্পনাতেই পড়ল আনুষ্ঠানিক সিলমোহর। ব্ল্যাকস্টোনের দখলে চলে গেল পূর্ব ভারতের বৃহত্তম এবং সর্বাধিক জনপ্রিয় রিটেইল হাব। মুম্বাই-ভিত্তিক রিয়াল এস্টেট পরামর্শ সংস্থা অ্যানারক গোষ্ঠী এই অভাবনীয় লেনদেনের উপদেষ্টা হিসেবে কাজ করেছে। সংস্থার রিজিওনাল ডিরেক্টর সৌমেন্দু চট্টোপাধ্যায় জানালেন, “এই যুগান্তকারী অধিগ্রহণ অ্যানারকের পেশাদারিত্ব এবং দক্ষতাই প্রমাণ করে।”
অন্যদিকে, মার্লিন গ্রুপের চেয়ারম্যান এবং সাউথ সিটি প্রজেক্টসের ডিরেক্টর সুশীল মোহতা চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, “দক্ষিণ কলকাতার সবচেয়ে মর্যাদাপূর্ণ রিটেইল অ্যাসেটের অধিকার লাভ করায় ব্ল্যাকস্টোনকে অভিনন্দন। এই মলের ভবিষ্যত নিয়ে আমরা আশাবাদী।”
লেনদেন প্রক্রিয়ার নেতৃত্বে থাকা জেবি গ্রুপের ডিরেক্টর রাকেশ বাচাওয়াত বলেন, “এটি কেবল একটি অধিগ্রহণ নয়—পূর্ব ভারতের রিটেইল ইকোসিস্টেমের প্রতি বিশ্বমানের সংস্থার আস্থার প্রতীক।”
ভারতে ব্ল্যাকস্টোনের রিয়াল এস্টেট অধিগ্রহণের প্রধান আশিস মোহতা বলেন, “এই মল শুধুমাত্র শপিং স্পট নয়—এটি কলকাতার সংস্কৃতি, কমিউনিটি এবং বিনোদনের মিলনক্ষেত্র। এই গর্বের অংশ হতে পেরে আমরা রোমাঞ্চিত।”
ব্ল্যাকস্টোন ইনকর্পোরেটেড, বিশ্বের বৃহত্তম বিকল্প বিনিয়োগ সংস্থা, বর্তমানে ভারতের ১৪টি শহরে ১৮টি মলের মালিক। ইতিমধ্যেই তারা ২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে ভারতীয় অফিস স্পেস ও হোটেল শিল্পে। বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে!
২০০৮ সালে যাত্রা শুরু করা সাউথ সিটি মল আজ শুধু একটা বিল্ডিং নয়, একটা আবেগ। প্রায় ১৭০টি নামজাদা ব্র্যান্ড, বিশাল পার্কিং স্পেস, বছরে ১৮০০ কোটি টাকার টার্নওভার—এই মল নিঃসন্দেহে কলকাতার রিটেইল ল্যান্ডস্কেপে মাইলফলক। জারা, শপার্স স্টপ, ক্যালভিন ক্লেইন, অ্যাডিডাস, ইউনাইটেড কালারস অফ বেনেটন, ফ্যাব ইন্ডিয়া, স্কেচার্স—এখানে আপনি পাবেন বিশ্বের সেরা অভিজ্ঞতার ছোঁয়া।
এই চুক্তি শুধু মালিকানা বদলের নয়—এ এক নতুন শুরুর গল্প। বিশ্বমঞ্চে কলকাতার নাম আরেক ধাপ উঁচুতে তুলে ধরার আশ্বাস বহন করছে ব্ল্যাকস্টোনের এই পদক্ষেপ। এখন অপেক্ষা, সাউথ সিটির ভবিষ্যতের নতুন অধ্যায় দেখতে।







