বিনোদন

৫ কোটি না দিলে ফের জেল! চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজপাল যাদবের

চেক বাউন্সের মামলার জটিলতা যেন কিছুতেই কাটছে না অভিনেতা রাজপাল যাদবের। বকেয়া অর্থ পরিশোধ করতে না পারায় গত জুলাই মাসে তাঁকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল দিল্লি হাই কোর্ট। পাশাপাশি, ১০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বলিউডের ‘ছোটে পণ্ডিত’। কিন্তু শীর্ষ আদালতে গিয়েও স্বস্তি পেলেন না অভিনেতা। বরং তাঁকে দেওয়া হল কড়া শর্ত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ কোটি টাকা জমা না দিলে ফের জেলের সাজা ভোগ করতে হবে রাজপালকে।

ঘটনার সূত্রপাত ৯ কোটি টাকার চেক বাউন্স সংক্রান্ত মামলাকে ঘিরে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজপাল যাদবকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল দিল্লি হাই কোর্ট। তবে জামিনের পাশাপাশি একাধিক শর্তও আরোপ করা হয়েছিল। আদালতের নির্দেশ মেনে মামলাকারীকে বকেয়া টাকা পরিশোধ করার কথা থাকলেও সেই অর্থ মেটাতে পারেননি অভিনেতা। এরপরই তাঁকে ফের তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আদালতের পর্যবেক্ষণ ছিল, মামলাটি মিটিয়ে ফেলার জন্য রাজপালকে একাধিকবার সুযোগ দেওয়া হয়েছিল। প্রতিবারই টাকা মেটানোর আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেই কারণেই তাঁকে ১০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। দিল্লি হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন রাজপাল।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চ অভিনেতার আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে নোটিস জারি করে। একই সঙ্গে ৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শীর্ষ আদালত জানিয়ে দেয়, ওই অর্থ জমা না করলে তাঁকে কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর।

‘হাম কোই মন্দির কা ঘণ্টা হ্যায়, কি কোই ভি আকে বাজা যাতা হ্যায়?’—রাজপাল যাদবের জনপ্রিয় এই সংলাপ পর্দায় দর্শকদের হাসিয়েছে বহুবার। কিন্তু বাস্তব জীবনে আর্থিক মামলার জেরে অভিনেতার পরিস্থিতি এখন যথেষ্ট কঠিন।

২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবিটি তৈরির জন্য দিল্লির একটি সংস্থা মুরালি প্রজেক্টের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। কিন্তু ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সেই অর্থ ফেরত দিতে পারেননি তিনি। এরপরই বিষয়টি আদালতে গড়ায়।

বকেয়া অর্থ পরিশোধের জন্য একাধিকবার সুযোগ পেয়েও তা মেটাতে ব্যর্থ হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাই কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেছিলেন অভিনেতা। জেলে যাওয়ার আগে আবেগপ্রবণ হয়ে তিনি বলেছিলেন, তাঁর এমন কোনও বন্ধু নেই যে তাঁর হয়ে বকেয়া টাকা পরিশোধ করতে পারেন।

এই মামলায় এর আগেও সাজা পেয়েছেন রাজপাল। ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে যান অভিনেতা ও তাঁর স্ত্রী। পরবর্তীতে চেক বাউন্সের মামলায় তাঁদের সাজা স্থগিত রাখা হয়। ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হন রাজপাল। তবে তখনও তাঁর সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

আদালতের আশা ছিল, মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে কিংবা বকেয়া অর্থ পরিশোধের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। ইতিমধ্যে দু’দফায় মোট ২.২৫ কোটি টাকা পরিশোধও করেছিলেন অভিনেতা। কিন্তু এখনও বিপুল পরিমাণ অর্থ বাকি রয়েছে। সেই পরিস্থিতিতেই এবার সুপ্রিম কোর্টের নির্দেশ—নির্ধারিত সময়ের মধ্যে ৫ কোটি টাকা জমা দিতে হবে রাজপাল যাদবকে। অন্যথায় ফের কারাগারে যেতে হতে পারে তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.