বিনোদন

‘আঁশ’ এ অনিন্দ্য বোসের পরিচালনায় রহস্যের জাল বুনবেন জ্যামি বন্দ্যোপাধ্যায়

নতুন রহস্য থ্রিলার ছবি ‘আঁশ’ নিয়ে আসছেন পরিচালক অনিন্দ্য বোস। এক টানটান উত্তেজনাময় গল্পে শহরের বুকে ঘটে চলা ধারাবাহিক খুনের রহস্য উন্মোচন করবে এই ছবি। মুখ্য ভূমিকায় সাব-ইন্সপেক্টর ‘নির্ঝর নাথ’-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে ছবিতে আরও অভিনয় করেছেন বরুন দে, পুষান দাসগুপ্ত, পূজা সরকার, মিশোর বোস, পারমিতা দাও, সৌম্য ভট্টাচার্য, শুভ্রপ্রকাশ মুখোপাধ্যায়, সায়ন সূর্য, অভ্রনীল ঘোষ-সহ আরও অনেকে।
ছবির গল্প আবর্তিত হয়েছে শহরে পর পর ঘটে যাওয়া খুনের ঘটনাকে কেন্দ্র করে। প্রতিষ্ঠিত কিছু মানুষের নাম রয়েছে খুনির তালিকায়। আপাতদৃষ্টিতে সমাজের উজ্জ্বল মুখ হলেও, এই ব্যক্তিদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে শোষণ, নিপীড়ন আর অন্যায়ের এক ভয়ঙ্কর ইতিহাস। এই জটিল কেসের তদন্তের ভার এসে পড়ে কড়া মেজাজের পুলিশ অফিসার নির্ঝর নাথের হাতে। নির্ঝর একজন নির্ভীক অফিসার, যিনি অন্যায়ের শেষ দেখে ছাড়ার প্রতিজ্ঞা করেন। অন্যদিকে, সমাজের তথাকথিত প্রতিষ্ঠিত ব্যক্তিরা একের পর এক অন্যায় করে চলেছে। শেষ পর্যন্ত কী হবে, সেই রহস্যের জট খুলবে ‘আঁশ’।
নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ছবিতে দর্শক আমাকে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখতে পাবেন। নির্ঝর নাথ একজন দৃঢ়চেতা পুলিশ অফিসার, যিনি নিজের মতো করে কাজ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন। সমাজের অন্যায়ের বিরুদ্ধেই তার এই লড়াই। আশা করি, দর্শকদের চরিত্রটি খুব ভালো লাগবে।”
কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। ফাঙ্কি মাঙ্কি মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অর্কজ্যোতি চৌধুরী। খুব শীঘ্রই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে বলে জানা গেছে। এই রহস্যে মোড়া থ্রিলার দর্শকদের কতটা টানতে পারে, এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.