দেশ

মায়ের শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

অবশেষে জেল থেকে সাময়িক মুক্তির অনুমতি পেলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভু। তবে এই মুক্তি মাত্র পাঁচ ঘণ্টার জন্য। মায়ের মৃত্যুর কারণে তাঁকে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার এই নির্দেশ জারি করা হয়।

এদিন সকালেই প্রয়াত হন চিন্ময় প্রভুর মা সন্ধ্যা রানি ধর। সকাল সাড়ে ৯টা নাগাদ হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে খবর, মৃত্যুর দু’দিন আগে, গত মঙ্গলবার নিজেই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সন্ধ্যা রানি ধর। দীর্ঘদিন ওই আশ্রমেই থাকতেন চিন্ময় প্রভু। অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যা রানি ধরকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার সময় তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। কিন্তু হাসপাতালে থাকতে অনিচ্ছুক ছিলেন তিনি। বরং ছেলের আশ্রমেই জীবনের শেষ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সেই আশ্রমেই তাঁর মৃত্যু হয়।

২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কারাগারে রয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভু। ছেলে দীর্ঘদিন জেলে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর মা। ছেলের শারীরিক অসুস্থতার খবর, বারবার জামিনের আবেদন খারিজ হওয়া এবং তাঁর মুক্তি না পাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন বৃদ্ধা। বুধবার, ৯ সেপ্টেম্বর, গুরুতর অসুস্থ মাকে দেখার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়ার আবেদন করে তাঁর পরিবার। চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আবেদনটি জানান। তবে ‘এমন বিধান নেই’ উল্লেখ করে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁর জামিনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে হত্যার অভিযোগ ওঠে। নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন এই ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পাশাপাশি হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও চারটি মামলা করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। হিন্দু-সহ বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকার কাছে বার্তাও দিয়েছিল দিল্লি। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই গ্রেপ্তার হন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র।

বর্তমানে অবশ্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধীরে ধীরে ভারত-বাংলাদেশ সম্পর্কেও উন্নতির ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের পূর্ণাঙ্গ মুক্তির অপেক্ষা আরও জোরালো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.