শহরজুড়ে বেআইনি জমি দখল ও আর্থিক তছরুপের অভিযোগে তৃণমূল নেতা দেবাশিস কুমার-এর বিরুদ্ধে এবার সরাসরি তদন্ত শুরু করেছে আয়কর দপ্তর। শুক্রবার সকাল থেকেই তাঁর রাসবিহারীর আবাসন ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালান কেন্দ্রীয় আধিকারিকরা, যা ঘিরে দক্ষিণ কলকাতার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, এই অভিযানের মূল সূত্র ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগসূত্র। অভিযোগ, অমিত গঙ্গোপাধ্যায় শহরের বিভিন্ন জমি বেআইনিভাবে দখল করতেন এবং পুরসভার প্রভাবশালী পদ ব্যবহার করে দেবাশিস কুমার সেই জমিগুলির নথি জাল বা বৈধ করতে সহায়তা করতেন। এর বিনিময়ে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে। জমা দেওয়া নথিতে অসঙ্গতি পাওয়ায় এবার আয়কর দপ্তর তদন্তে নামে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিপুল পরিমাণ অঘোষিত সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে।
অন্যদিকে, তল্লাশি ঘিরে এলাকায় বিক্ষোভ শুরু হয়। তৃণমূল কর্মী-সমর্থকরা বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন— “যতই করো হামলা, আবার জিতবে বাংলা।” পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
তদন্তকারীরা মূলত খতিয়ে দেখছেন আয়কর রিটার্নের বাইরে সম্পত্তি কেনা হয়েছে কি না এবং পুরসভার নথি তৈরিতে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কি না। পাশাপাশি, শহরের একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসেও চলছে সমান্তরাল তল্লাশি। নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার রাজনীতিতে বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।







