ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এর প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া—এই চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এই নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ফলে আগামী কয়েক দিন আবহাওয়ার পরিস্থিতিতে ফের পরিবর্তন দেখা দিতে পারে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সেদিন ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে।
অন্যদিকে উত্তরবঙ্গে শনিবারও জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তেও রাজ্যের একাধিক জেলায় বর্ষার আমেজ বজায় থাকার সম্ভাবনা।







