আইপিএল ২০২৫-এ ঘরের মাঠে সুবিধা পাওয়া উচিত কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মনে করেন, ঘরের মাঠে সুবিধা পাওয়া স্বাভাবিক, তবে পিচ প্রস্তুতির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলের প্রথম ম্যাচেই পরাজিত হয়েছে কেকেআর। স্পিন নির্ভর দল হওয়া সত্ত্বেও পিচ থেকে কোনো সহায়তা পায়নি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীরা। অধিনায়ক অজিঙ্কা রাহানে খোলাখুলিই বলেছিলেন, “আমরা চাই পিচ যেন স্পিনারদের সাহায্য করে।” তবে ইডেনের প্রধান কিউরেটর সুজন মুখার্জি জানিয়ে দিয়েছেন, পিচের ধরন নির্ধারণের ক্ষমতা বিসিসিআই-এর অধীনস্থ কিউরেটরদেরই রয়েছে, ফ্র্যাঞ্চাইজিদের নয়।
শুধু কেকেআর নয়, চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংও হতাশ, কারণ চিপকের মাঠ থেকেও তারা চেনা সুবিধা পাচ্ছে না। অন্যদিকে, গুজরাট টাইটান্স স্বীকার করেছে যে তারা পরিকল্পিতভাবে কালো মাটির পিচ প্রস্তুত করেছে, যাতে মুম্বাই ইন্ডিয়ান্স সমস্যায় পড়ে।
এই বিতর্ক যতই বাড়ুক, কেকেআর কোচ পণ্ডিত স্পষ্ট করেছেন, “যে পিচ দেওয়া হবে, সেটাই খেলতে হবে। তবে দল হিসেবে কিছু প্রত্যাশা থাকবেই।” এবার প্রশ্ন, ভবিষ্যতে কি আইপিএল দলগুলোর হাতে পিচ তৈরির ক্ষমতা আসবে? নাকি বিসিসিআই-ই নিয়ন্ত্রণ ধরে রাখবে।







