সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
রাজ্যপালের ‘দুর্গারত্ন’ পুরস্কার প্রত্যাখ্যান করল কল্যাণীর লুমিনাস ক্লাব। শুধু পুরস্কার প্রত্যাখানই নয়, রাজ্যপালের উদ্দেশ্যে বার্তা দিয়েছে তারা। পুজো কমিটির দাবী, ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বকেয়া না পাওয়ায় তাদের এই সিদ্ধান্ত । রাজভবনের দুর্গারত্ন পুরস্কার প্রত্যাখ্যানের মধ্যে পরিস্কার রাজনীতি দেখছে বিজেপি।
দশমীতেই রাজ্যের সেরা ৪টি পুজোকে দুর্গারত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। চলতি বছর প্রথম এই পুরস্কার দেওয়া হচ্ছে। রাজভবনের দাবী, মানুষের বিচারে সেরা চার পুজোকে বেছে নেওয়া হয়েছে। পুরস্কৃত ৪ পুজো কমিটিকে ৫ লক্ষ টাকা করে দেবে রাজভবন। প্রথমবার এই দুর্গারত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয় কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজো। যদিও সেই পুরস্কার নিতে অস্বীকার করেছে তারা।







