কলকাতা

চতুর্থীতে কলকাতায় অমিত শাহ, একাধিক পুজোর উদ্বোধন ও বৈঠক সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা: চতুর্থীর দিন পুজো উদ্বোধন করতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির আয়োজিত একাধিক দুর্গাপুজোর উদ্বোধনে উপস্থিত থাকবেন তিনি। শুক্রবার সকালেই শাহ কলকাতায় পৌঁছে প্রথমে সল্টলেকের ইজেডসিসি প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ আয়োজিত বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন করবেন।

এরপর উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষের পুজো উদ্বোধন করবেন তিনি। অতীতে এই পুজোর উদ্বোধনে হাজির থেকেছেন শাহ। তবে এবার তাঁর আগমনের আগেই মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দক্ষিণ কলকাতার টালিগঞ্জে আরও একটি পুজোর উদ্বোধনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

শাহর উত্তর কলকাতার সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, “ওই পুজোর উদ্যোক্তা আগে তৃণমূলেই ছিলেন। আর রাজ্যে বিজেপির কোনও পুজোই তো নেই।”

এদিনের সফরে শাহ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। গেরুয়া শিবিরের একাংশের দাবি, শাহ কলকাতায় পৌঁছনোর আগেই নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে শুক্রবার নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন টিমের সঙ্গে বৈঠক সারতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে দলীয় সূত্রে খবর, এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। অনেকের মতে, নতুন কমিটি পুজো শেষে ঘোষণা হতে পারে।

শাহর একদিনের এই ঝটিকা সফর শুধু পুজো উদ্বোধন নয়, ২০২৬-এর ভোটকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক কৌশলেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বয়ে আনতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.