বিশ্ব

রুশ তেল শোধনাগারে হামলা নয়, জেলেনস্কিকে বার্তা ট্রাম্পের! আমেরিকার অবস্থান ঘিরে ইউরোপে প্রশ্ন

রুশ-ইউক্রেন যুদ্ধে এবার ইউক্রেনকে কার্যত সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার তেল শোধনাগারগুলিতে হামলা বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বার্তা দিয়েছেন তিনি। ইউক্রেনীয় হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইতিমধ্যেই জ্বালানি উৎপাদনে ধাক্কা খেয়েছে মস্কো। পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে পেট্রল-ডিজেল আমদানি করতে হচ্ছে রাশিয়াকে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই অবস্থান ঘিরে ইউরোপের অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আয়ারল্যান্ড সফরে গিয়ে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি বলেন, রাশিয়ার তেল শোধনাগারগুলিতে হামলা না চালিয়ে ইউক্রেন চাইলে অন্য নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে জ্বালানি পরিকাঠামোয় হামলা করা উচিত নয়। তাঁর দাবি, এই ধরনের হামলার কারণেই ডিজেলের ঘাটতি তৈরি হচ্ছে।

তবে ট্রাম্পের এই যুক্তি নিয়ে পাল্টা প্রশ্নও উঠছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক পদক্ষেপের কারণে যখন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন সেই পরিস্থিতিকে কেন রুশ-ইউক্রেন সংঘাতের সঙ্গে একইভাবে দেখা হচ্ছে না? হরমুজ প্রণালীতে অবরোধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এই যুক্তি মানতে নারাজ ট্রাম্প। তাঁর বক্তব্য, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হচ্ছে না, বরং রাশিয়া ও ইউক্রেনের সংঘাতই এর অন্যতম কারণ।

এদিকে, প্রায় চার বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধ সাম্প্রতিক সময়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে। রাশিয়ার তেল শোধনাগারগুলিকে নিশানা করে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। এর প্রভাব পড়েছে রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও। মস্কোয় জ্বালানি ঘাটতির পরিস্থিতি তৈরি হওয়ায় বিদেশ থেকে পেট্রল-ডিজেল আমদানির পথে হাঁটতে হয়েছে পুতিনের দেশকে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গত আগস্টে রাশিয়ার মোট জ্বালানি আমদানির প্রায় ৭০ শতাংশই এসেছে ভারত থেকে। ওই সময় ভারত থেকে রাশিয়ায় পাঠানো প্রায় ১ লক্ষ ২০ হাজার লিটার পেট্রলের বাজারমূল্য ছিল প্রায় ৭.৮ কোটি ইউরো। পরিসংখ্যান বলছে, জুলাইয়ের তুলনায় আগস্টে রাশিয়ার পেট্রল আমদানির পরিমাণ প্রায় সাত গুণ বেড়েছে। একইসঙ্গে আগের বছরের আগস্টের তুলনায় এই আমদানি প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। নিজেদের তেল শোধনাগারগুলিতে একের পর এক হামলার জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি জ্বালানির উপর নির্ভরতা বাড়ছে মস্কোর।

বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলায় লাগাম পরানোর ক্ষেত্রে আমেরিকারও কৌশলগত স্বার্থ রয়েছে। কারণ, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য ফের অশান্ত হয়ে উঠেছে। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে ইতিমধ্যেই বিশ্ববাজারে জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তার মধ্যে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি উৎপাদন আরও কমে গেলে আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সেই পরিস্থিতি সামলানো আমেরিকার পক্ষেও কঠিন হয়ে পড়বে।

এছাড়াও, ইরান ইস্যুতে আমেরিকার অবস্থান বদলের জন্য আন্তর্জাতিক মহলের চাপ বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। সেই প্রেক্ষাপটে ইউক্রেনকে কিছুটা নিয়ন্ত্রণে রেখে রাশিয়ার উপর চাপ বজায় রাখার কৌশলই হয়তো নিতে চাইছে ট্রাম্প প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.