বিশ্ব

জার্মানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ তরুণী-সহ মৃত্যু ৩ ভারতীয়র; গ্রেপ্তার রোমান ব্যক্তি

জতুগৃহে পরিণত হল জার্মানির বোখুম শহরের একটি আবাসিক ভবন। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই তরুণী-সহ তিন ভারতীয়। ঘটনায় আরও পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও দমকলকর্মীরা। উদ্ধার করা হয় পাঁচজনকে। এই ঘটনায় ৪১ বছরের এক রোমান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত তিন ভারতীয়ের মধ্যে রয়েছেন ২৫ ও ২৭ বছর বয়সি দুই তরুণী এবং ২৬ বছরের এক যুবক। আগুনের ফলে তৈরি হওয়া কালো ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের জাতীয়তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই আবাসনেরই বাসিন্দা ৪১ বছরের এক রোমান ব্যক্তিকে আটক করা হয়েছে।

তদন্তকারীরা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে কোনও যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বরং পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। গোটা ঘটনার তদন্ত চলছে।

মঙ্গলবার ভোরে বোখুমের হফস্টেডে এলাকার একটি বহুতল আবাসনে আচমকাই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের ভিতরে ঢুকে উদ্ধারকাজ চালানো দমকলকর্মীদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এমনকি সিঁড়িতেও আগুন ছড়িয়ে পড়ায় উপরের তলায় আটকে থাকা বাসিন্দাদের কাছে দ্রুত পৌঁছনো সম্ভব হয়নি। পরে বিকল্প সিঁড়ির ব্যবস্থা করে উদ্ধারকাজ শুরু করা হয়। তবে ততক্ষণে প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় নাগরিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.