পুজোর মুখে রাজ্যে বাড়ছে ডেঙ্গির উদ্বেগ। একাধিক এলাকায় সংক্রমণ বাড়ায় সতর্ক স্বাস্থ্য দফতর। এরই মধ্যে ডেঙ্গি মোকাবিলায় মিলল বড় আশার খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই বাজারে আসতে পারে ভারতের তৈরি ডেঙ্গির টিকা ‘ডেঙ্গিঅল’।
কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে আইসিএমআর-এর ডিজি জানান, প্রস্তাবিত টিকার দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে। সেই পরীক্ষার প্রাথমিক ফলও আশাব্যঞ্জক। বর্তমানে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এই পরীক্ষার ফল সন্তোষজনক হলে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিললে ২০২৭ সালের ডেঙ্গির মরসুমের আগেই টিকা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে।
‘ডেঙ্গিঅল’ তৈরি করছে আইসিএমআর এবং প্যানাসিয়া বায়াটেক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টিকা ডেঙ্গির চারটি প্রধান ধরন—DEN-1, DEN-2, DEN-3 এবং DEN-4—এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। এটি দুর্বল করা জীবন্ত ভাইরাস-ভিত্তিক টিকা এবং এক ডোজেই দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০২৪ সালে দেশের ১৯টি কেন্দ্রে ১০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে নিয়ে টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছিল। এখন সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং পরবর্তী অনুমোদনের দিকেই নজর।
এদিকে রাজ্যে ডেঙ্গির পরিস্থিতি সামলাতেও বাড়ানো হয়েছে নজরদারি। স্বাস্থ্য দফতরের তালিকায় ৮৫টি ব্লক, ২৭৮টি গ্রাম পঞ্চায়েত এবং ২৯টি পুরসভাকে ডেঙ্গির হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকাগুলিতে পরীক্ষা ও নজরদারি বাড়ানো হয়েছে।
পুজোর প্যান্ডেলগুলিতে যাতে কোথাও জল জমে মশার বংশবৃদ্ধির সুযোগ না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুজো উদ্যোক্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করছেন স্বাস্থ্য আধিকারিকরা। টিকা বাজারে আসার আগে মশা নিয়ন্ত্রণ ও সচেতনতাকেই ডেঙ্গি প্রতিরোধের প্রধান হাতিয়ার হিসেবে জোর দেওয়া হচ্ছে।







