বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। Employees’ Provident Fund Organisation বা EPFO-র আওতায় বাধ্যতামূলক অন্তর্ভুক্তির বেতনসীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন এই সীমা ছিল মাসে ১৫ হাজার টাকা। ২০১৪ সালের পর এই প্রথম সীমায় বড় পরিবর্তন আনা হল।
এর ফলে মাসে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন পান—এমন আরও বহু কর্মী EPFO-র আওতায় আসবেন। কেন্দ্রের হিসাব অনুযায়ী, নতুন সিদ্ধান্তে প্রায় ৫১ লক্ষ অতিরিক্ত কর্মী বাধ্যতামূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারেন। EPF-এর পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীরা পেনশন এবং বিমা সংক্রান্ত সুবিধার আওতাতেও আসবেন।
বাড়বে ভবিষ্যতের সঞ্চয়ের সুযোগ
EPFO-র আওতায় আসার অর্থ কর্মীদের বেতন থেকে নির্দিষ্ট হারে PF-এ টাকা জমা হওয়া। একই সঙ্গে নিয়োগকারী সংস্থার পক্ষ থেকেও নির্ধারিত অবদান থাকে। ফলে নতুন বেতনসীমায় অন্তর্ভুক্ত হওয়া কর্মীদের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের সুযোগ বাড়বে।
তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ—বেতনসীমা ২৫ হাজার হওয়া মানেই প্রত্যেক কর্মীর PF অবদান স্বয়ংক্রিয়ভাবে ২৫ হাজার টাকার উপর হিসাব হবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। নতুন নিয়মের কার্যকরী বিধি এবং অবদানের কাঠামো অনুযায়ী প্রকৃত প্রভাব নির্ধারিত হবে।
১২ বছর পর বদল সীমায়
EPFO-র এই বেতনসীমা শেষবার ২০১৪ সালে সংশোধন করা হয়েছিল। তখন ৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছিল। দীর্ঘ ১২ বছর পর ফের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। কেন্দ্রের যুক্তি, এই সময়ের মধ্যে বেতন ও জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সরকারি হিসাবে, এই সিদ্ধান্ত কার্যকর করতে বছরে প্রায় ১১,৩৩৯ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। ফলে একদিকে আরও বেশি কর্মী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন, অন্যদিকে EPFO ব্যবস্থায় সরকারের আর্থিক দায়ও বাড়বে।







