পুজোয় বড় পর্দায় আসতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’। ছবি ঘিরে দর্শকের আগ্রহ যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই প্রকাশ্যে এল শুটিংয়ের নেপথ্যে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। বুধবার সন্ধ্যার ফেসবুক লাইভে দেব, শুভশ্রী, রজতাভ দত্ত ও পার্থসারথির আড্ডায় উঠে এল সেইসব অজানা গল্প।
আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ছবির কাস্টিং। সেই সময় নিষেধাজ্ঞার মধ্যে থাকা অনির্বাণকে ‘দেশু ৭’-এ নেওয়ার সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন দেব। তাঁর বক্তব্য, একজন অভিনেতার জীবনে নির্দিষ্ট সময়ের মধ্যেই নানা ধরনের চরিত্রে কাজ করার সুযোগ আসে। সেই সময় পেরিয়ে গেলে একই সুযোগ আর নাও মিলতে পারে। তাই পরিস্থিতি জটিল হলেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি।
দেব জানান, ছবিতে সই করার আগেই প্রত্যেক শিল্পীকে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি জানানো হয়েছিল। পরিস্থিতি বদলে গেলে ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের সমস্যায় পড়ার আশঙ্কাও তাঁদের সামনে স্পষ্ট করে দেওয়া হয়। শুভশ্রীকেও একইভাবে বিষয়টি জানিয়েছিলেন দেব।
তবে ঝুঁকি নিয়েই থেমে থাকেননি তিনি। কোনও কারণে শুটিং বাধাগ্রস্ত হলে কীভাবে কাজ চালানো যায়, তার বিকল্প পরিকল্পনাও তৈরি ছিল। দেবের কথায়, এসআরএফটিআইয়ের কয়েকজন পড়ুয়ার সঙ্গে আগেই যোগাযোগ করা হয়েছিল। প্রয়োজন হলে তাঁদের সাহায্য নেওয়ার পাশাপাশি কলকাতার বাইরে মুম্বই বা হায়দরাবাদেও শুটিং সরিয়ে নেওয়ার প্রস্তুতি ছিল।
এদিনের আড্ডায় দেবের পরিচালনার প্রশংসাও করেন রজতাভ দত্ত। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে দেবের নিজের লড়াইয়ের অভিজ্ঞতা তাঁর কাজের ধরনকে প্রভাবিত করেছে। নায়ক হিসেবে যে চাপের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, সেই অভিজ্ঞতা পরিচালনার ক্ষেত্রেও কাজে লাগছে বলে মনে করেন রজতাভ।
নিজেকে অবশ্য ‘ফার্স্ট লার্নার’ বলেই উল্লেখ করেন দেব। এর মধ্যেই সামনে এসেছে ছবির প্রথম গান ‘তোর শুধু তোর’। টিজারের পর গানটিও নজর কেড়েছে। এবার পুজোয় ‘দেশু ৭’ বড় পর্দায় মুক্তি পেলে দেব-শুভশ্রীর জুটি এবং ছবির গল্প দর্শকদের কতটা টানে, সেটাই দেখার।







