রাজ্য

পুজোর আগেই অন্নপূর্ণার বাকি টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে জটিলতা এখনও পুরোপুরি মেটেনি। একাধিক জায়গা থেকে সময়মতো টাকা না পাওয়ার অভিযোগ উঠছে। বিষয়টি নিয়ে বিভিন্ন জেলাতেও বিক্ষোভ হয়েছে। বহু আবেদনকারী নিজেদের ‘যোগ্য’ দাবি করলেও তাঁদের আবেদনের বর্তমান অবস্থান এখনও পরিষ্কার নয়। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার বর্ধমানের সভা থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, ভেরিফিকেশন প্রক্রিয়ায় যাঁদের আবেদন অনুমোদিত হয়েছে, তাঁদের বকেয়া টাকা পুজোর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তাঁর কথায়, ‘‘ভেরিফিকেশনে যাঁদের নাম অ্যাপ্রুভ হয়েছে, পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেব।’’

বর্ধমানের সভা থেকে অন্নপূর্ণা যোজনার পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই জেলায় ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের কাছ থেকে মোট ১২ লক্ষ ৩৮ হাজার ৭৮১টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রাথমিকভাবে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩২টি আবেদন অনুমোদন পেয়েছে। এখনও কয়েকটি আবেদন প্রক্রিয়াধীন। ১৭ হাজার ৪৫টি আবেদন বাতিল হয়েছে এবং ১০ হাজার ৭১৪টি আবেদনের ভেরিফিকেশন এখনও বাকি।

মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে। তিনি বলেন, বর্ধমান জেলার ১৫টি বিধানসভা মিলিয়ে গড়ে প্রতিটি বিধানসভা এলাকায় প্রায় ৬৫ থেকে ৭০ হাজার মহিলা এই সুবিধা পেয়েছেন।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, ভেরিফিকেশনে অনুমোদন পাওয়া বাকি যোগ্য আবেদনকারীদেরও টাকা দেওয়া হবে। আগামী মাসের মধ্যে তাঁরা টাকা পেয়ে যাবেন বলেও জানান তিনি। একই সঙ্গে আগের সরকারের দেওয়া ৫০০ টাকা ভাতার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, আগের সরকার এই প্রকল্প চালু করতে ৯ মাস সময় নিয়েছিল। তাঁর সরকার পাঁচ মাসেরও কম সময়ে ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে সুবিধা দিয়েছে বলে দাবি করেন তিনি।

সভা থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে বয়স্কদের ভাতার পরিমাণও বাড়ানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.