আইআইটি বম্বেতে ফের এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেলে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া সাহিল ওয়াকোড়ের মৃতদেহ হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়। গত সাত মাসের মধ্যে এই নিয়ে ক্যাম্পাসে তিন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল।
আইআইটি বম্বের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করছিলেন ওই পড়ুয়া। অভিযোগ, প্রশ্নপত্রের ছবি তুলে ChatGPT-তে আপলোড করে তার উত্তর জানার চেষ্টা করছিলেন তিনি। বিষয়টি পরীক্ষকের নজরে পড়লে তাঁকে হাতেনাতে ধরা হয়।
প্রতিষ্ঠানের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ঘটনার পর সাহিলের সঙ্গে বিভাগীয় প্রধানের কথা হয়। তাঁকে আশ্বস্ত করা হয়েছিল যে এই ঘটনার কারণে তাঁর পড়াশোনা বা ভবিষ্যৎ অ্যাকাডেমিক কেরিয়ারে কোনও প্রভাব পড়বে না। কথাবার্তার পর তিনি হস্টেলে ফিরে যান। পরে সন্ধ্যায় তাঁর ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনার বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে আইআইটি বম্বে।
অন্যদিকে, পড়ুয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন তাঁর সহপাঠী-সহ অন্যান্য পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, ঘটনার সম্পূর্ণ তথ্য সামনে আনা হচ্ছে না। পড়ুয়াদের একাংশের দাবি, সাহিলকে এক বছরের জন্য সাসপেন্ড করার হুমকি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তাঁকে হস্টেল ছাড়তে হত এবং ক্যাম্পাসের বাইরে থাকতে হত বলেও দাবি করেছেন তাঁরা।
পড়ুয়াদের একাংশের অভিযোগ, প্রতিষ্ঠানের তরফে এমন পদক্ষেপের আশঙ্কা ও চাপের কারণেই সাহিল চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইআইটি বম্বেতে গত কয়েক মাসে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া হস্টেলে আত্মহত্যা করেন। পরে জুলাইয়ে নতুন সেমিস্টার শুরু হওয়ার পর দ্বিতীয় বর্ষের এক বি.টেক পড়ুয়ারও আত্মহত্যার ঘটনা ঘটে।







