জল্পনা চলছিলই। এবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। জাতীয় দলের প্রধান নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অজিত আগরকর। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন পেসার। নির্বাচকপ্রধান হিসেবে আর দায়িত্ব চালিয়ে যেতে চান না তিনি। ফলে তাঁর চুক্তির মেয়াদ বাড়ার যে সামান্য সম্ভাবনাও ছিল, সেটিও কার্যত শেষ হয়ে গেল।
শুক্রবার মুম্বইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার আগে থেকেই আগরকরকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর চর্চা চলছিল। আগামী ৪ অক্টোবর প্রধান নির্বাচক হিসেবে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। আগামী বছর একদিনের বিশ্বকাপ থাকায় তাঁর মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে বলেও একটা সময় জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু রোহিত শর্মার অবসরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক সেই সম্ভাবনায় কার্যত জল ঢেলে দেয়।
রোহিতের মতো তারকা ক্রিকেটারকে অবসরের জন্য নির্বাচকদের তরফে চাপ দেওয়া হয়েছিল বলে যে বিতর্ক তৈরি হয়, তা বোর্ডের একাংশের কাছে ভালোভাবে নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। সেই ঘটনার পরই আগরকরের মেয়াদ না বাড়ানোর বিষয়ে বোর্ডের অবস্থান অনেকটাই স্পষ্ট হয়ে যায়। পরিস্থিতি আঁচ করেই সম্ভবত নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আগরকর।
যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আগরকরের পদত্যাগের কথা ঘোষণা করেনি বিসিসিআই। মুম্বইয়ে বোর্ডের ৯৫তম বার্ষিক সাধারণ সভা শেষে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “আমাদের হাতে এখনও ১৫ দিন সময় রয়েছে। ক্রিকেটের দুনিয়ায় ১৫ দিন অনেকটা সময়। সময় হলে আমরা সিদ্ধান্ত নেব। যথাসময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে আজ কোনও ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি।”
তবে বোর্ডের অন্দরের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল নির্বাচনের বৈঠকই আগরকরের শেষ বৈঠক হয়ে গিয়েছে। একইসঙ্গে তাঁর উত্তরসূরি খোঁজার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বিসিসিআই। সূত্রের খবর, পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে ইতিমধ্যেই দু’টি নাম আলোচনায় রয়েছে—প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল এবং প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা।
এই দু’জনের মধ্যে একজনকে জাতীয় দলের পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভাতেও নতুন নির্বাচকপ্রধান নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। যদিও সেখানে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত পরবর্তী প্রধান নির্বাচক বেছে নেওয়ার দায়িত্ব বোর্ডের পদাধিকারীদের উপরই দেওয়া হয়েছে।







