জেলা

একবালপুরে রণক্ষেত্র: সংঘর্ষে গ্রেফতার ৯, পুলিশের উপর হামলার অভিযোগ

কলকাতা বন্দরের একবালপুর এলাকায় সোমবার রাত থেকে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনা দ্রুতই সহিংস রূপ নেয়। বিজেপি প্রার্থী রাকেশ সিংহের প্রচারকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে কার্যত অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে চাপে পড়ে পুলিশও।

পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৫ জন বিজেপি ও ৪ জন তৃণমূল কংগ্রেসের কর্মী। ঘটনায় ইতিমধ্যেই তিনটি এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে দুটি মামলায় নাম রয়েছে রাকেশ সিংয়ের। অভিযোগের তালিকা বেশ গুরুতর। পুলিশের দাবি, সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা দেওয়া হয়, ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি এবং পুলিশকর্মীদের ওপর হামলাও চালানো হয়। এমনকি এক পুলিশকর্মীর বডি-ক্যাম ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর সার্ভিস রিভলভার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগও সামনে এসেছে, যা পরিস্থিতির তীব্রতা আরও স্পষ্ট করে।

এই সংঘর্ষে অন্তত ৯ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। তাঁদের মারধর করা হয়েছে এবং দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় দাঙ্গা ছড়ানো, উস্কানি দেওয়া এবং সরকারি কর্মীর উপর হামলার মতো একাধিক ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। বাড়ানো হয়েছে নজরদারি, যাতে নতুন করে অশান্তি না ছড়ায়। যদিও স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে, পুলিশ জানিয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এদিকে, এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কে আগে হামলা চালিয়েছে? কীভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণ চিত্র সামনে আনার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.