অভিজিৎ হাজরা, বাগনান, হাওড়া: গ্রামীণ হাওড়ার আকাশে আজ যেন স্বাধীনতার রঙ আরও উজ্জ্বল। ফিউচার ফর নেচার ফাউন্ডেশন-এর উদ্যোগে বাগনান থানার বহড়ায় অবস্থিত ইচিন্ডা চিল্ড্রেনস হোম – সিএনসিপি বয়েজ হাওড়া, ইচিন্ডা কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এবং স্ট্রিট চাইল্ড প্রোটেকশন সোসাইটি–র প্রায় শতাধিক শিশু-কিশোরকে নিয়ে আয়োজিত হল এক স্মরণীয় স্বাধীনতা দিবস।
অনুষ্ঠানের সূচনা হয় শিশু শিল্পী শ্রীনিধী-র মধুর কণ্ঠে দেশাত্মবোধক গানের মাধ্যমে। এরপর শুরু হয় শিশুদের প্রতীক্ষিত ছবি আঁকার প্রতিযোগিতা — বিষয় “তোমার কাছে স্বাধীনতা কেমন করে ধরা দেয়”। রঙ-তুলির ছোঁয়ায় ফুটে উঠল মুক্ত বিহঙ্গ, নদীর প্রাণচাঞ্চল্য, পতাকা উত্তোলনের মুহূর্ত এবং দেশের প্রতি নিখাদ ভালোবাসা।
দিনভর চলল রিক্রিয়েশন গেমস, খেলাধুলো আর হাসি-আনন্দের উৎসব। দুপুরে ছিল ঐতিহ্যবাহী বাঙালি পদের ভোজ, আর বিকেলে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান — গান, নাচ, কবিতা আবৃত্তি। সেরা পারফর্মারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ড. অর্ণব দত্ত, শিক্ষক রাজদূত সামন্ত, শিক্ষিকা পৌলমী মণ্ডল ও শিক্ষক সাগ্নিক বেজ।
এদিন উপস্থিত ছিলেন ইচিন্ডা চিল্ড্রেনস হোম-এর প্রেসিডেন্ট রুনা মান্না, সেক্রেটারি কাকলী মণ্ডল, সুপারভাইজার আশীষ ঘোষ, প্রসেনজিৎ দেবনাথ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান—
“দেশের নানা প্রান্ত থেকে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আসা এই শিশুরা এখানে নতুন এক পরিবার পেয়েছে। আমাদের ভালোবাসা, সময় আর উপস্থিতি তাদের মনে নতুন উদ্দীপনা ও দেশপ্রেম জাগিয়ে তুলেছে।”
এই একদিনের উদযাপন যেন শিশুদের জীবনে নতুন আলো জ্বেলে দিল — স্বাধীনতার অর্থ, যে শুধু পতাকা ওড়ানো নয়, বরং ভালোবাসা, একাত্মতা আর একসাথে থাকার আনন্দ।







