সন্দেশখালিকাণ্ডে কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সিবিআই-এর দেওয়া রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সিবিআই-এর অভিযোগ, একাধিক ক্ষেত্রে রাজ্যের অসহযোগিতার জন্য তদন্তের অগ্রগতি হচ্ছে না। এবার যার জেরে উচ্চ আদালতের নির্দেশ, নির্দিষ্ট মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতা করতে হবে রাজ্য সরকারকে।
শুনানিতে প্রধান বিচারপতির উবাচ, ‘জমির রেকর্ড নিয়ে একটা অভিযোগ এসেছে। সিবিআই-এর বক্তব্য রাজ্যের সহযোগিতা মিলছে না। এটা একটি গোপন রিপোর্ট। রাজ্য সহযোগিতা করবে এটা আদালত আশা করছে।’
এদিন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তরফেও আবেদন করা হয় মামলায় যুক্ত হওয়ার। সেই আবেদন গ্রহণও করা হয়। শুনানির শেষে সন্দেশখালি মামলায় জমি দখল সংক্রান্ত অভিযোগে সিবিআইকে সাহায্য করতে রাজ্যকে নির্দেশ দেয় আদালত।







