গাজার ভূমিতে দিনদিন ভয়াবহ হয়ে উঠছে ইজরায়েলি সেনার হামলা। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। শিশু, নারী কিংবা বৃদ্ধের আঘাত থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। আন্তর্জাতিক সংস্থাগুলির মতে, গাজায় এখন রীতিমতো দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, যা ইজরায়েলি অবরোধ ও হামলার ফল। যদিও ইজরায়েল এই অভিযোগ মানতে নারাজ।
গত কয়েক মাসের নিরবচ্ছিন্ন হামলায় ইতিমধ্যেই গাজায় ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলি দাবি করছে। রাষ্ট্রপুঞ্জের মতে, গাজায় পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। খাদ্য, পানি ও ওষুধের অভাবে তিন শিশুসহ শতাধিক মানুষ অনাহারে মারা গেছেন। ইউনিসেফ, ডব্লিউএইচও, ডব্লিউএফপি ও এফএও একযোগে সতর্ক করেছে। গাজার এই দুর্ভিক্ষ মানবসৃষ্ট ও এটি একপ্রকার যুদ্ধনীতি।
এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন হামাসের মুখপাত্র তথা শীর্ষ কমান্ডার আবু ওবাইদা। তবে এ বিষয়ে হামাসের তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এর আগেও একাধিক হামাস নেতাকে ইজরায়েলি বাহিনীর নিশানায় প্রাণ হারাতে হয়েছে।
অন্যদিকে গাজায় হামলা চলার পাশাপাশি ইয়েমেনেও ইজরায়েলি সেনার আঘাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজধানী সানা’য় ইজরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই। শুধু তিনিই নন, আরও কয়েকজন মন্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতিমধ্যেই হুথি নেতৃত্ব ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে।
জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন গাজার হামলা ও দুর্ভিক্ষকে ‘গণহত্যার নীতি’ বলে আখ্যা দিয়েছে। এমনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, শিশুদের অনাহারে মৃত্যুর দায় সরাসরি ইজরায়েলের ওপর বর্তায়। আন্তর্জাতিক গণহত্যা গবেষকদের সংগঠনও ইজরায়েলের কার্যকলাপকে গণহত্যার সাথে তুলনা করেছে।







