অল্প বয়সেই হাঁটু, কোমর কিংবা গোড়ালির ব্যথায় ভুগছেন অনেকেই। ব্যথা শুরু হলে হাঁটাচলা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মেও তার প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, কিছু ভুল অভ্যাস এবং অবহেলা অস্থিসন্ধির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিসন্ধি সুস্থ রাখতে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
ব্যথা হলেই পুরোপুরি বিশ্রাম
হাঁটু বা গোড়ালিতে ব্যথা হলে দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকাই সহজ সমাধান বলে মনে হতে পারে। কিন্তু সব ক্ষেত্রে অতিরিক্ত বিশ্রাম উপকারী নয়। ব্যথা নিয়ন্ত্রণে এলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা স্ট্রেচিং, হাঁটা বা সাইক্লিংয়ের মতো ব্যায়াম করা যেতে পারে। এতে অস্থিসন্ধির আশপাশের পেশি সক্রিয় থাকে এবং নড়াচড়ার ক্ষমতাও বজায় থাকে।
নিজে থেকে দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া
ব্যথা কমাতে অনেকেই নিজের মতো করে প্রদাহনাশক বা ব্যথানাশক ওষুধ খেতে শুরু করেন। এতে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ খাওয়া ঠিক নয়। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই বারবার ব্যথা হলে কারণ খুঁজে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
প্রাথমিক ব্যথাকে গুরুত্ব না দেওয়া
হাঁটু বা কোমরে হালকা ব্যথা, অস্বাভাবিক ফোলা কিংবা সকালে অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ অনেকেই উপেক্ষা করেন। কিন্তু কিছু ধরনের আর্থ্রাইটিস দ্রুত অস্থিসন্ধির ক্ষতি করতে পারে। তাই ব্যথা বারবার হলে বা দীর্ঘদিন থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
শুধু সাপ্লিমেন্টের উপর নির্ভর করা
কোলাজেন বা অন্যান্য সাপ্লিমেন্টকে অস্থিসন্ধির সমস্যার একমাত্র সমাধান ভাবা ঠিক নয়। অস্থিসন্ধির স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজন সুষম খাবার, পর্যাপ্ত প্রোটিন ও পুষ্টি এবং নিয়মিত শারীরিক সক্রিয়তা। পাশাপাশি অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার ও মদ্যপান এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।
অস্থিসন্ধিতে দীর্ঘদিন ধরে ব্যথা, ফোলা বা নড়াচড়ায় সমস্যা থাকলে নিজে থেকে চিকিৎসা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।







