খেলাধুলা

ময়দানে খেলে যাওয়া ফুটবলারের অকালে মৃত্যু, বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ২৯ বছরের রিজনের

গত মরশুমেও কলকাতার ময়দানে ফুটবল খেলেছেন তিনি। দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আচমকা বাইক দুর্ঘটনায় মাত্র ২৯ বছর বয়সেই প্রাণ হারালেন কেরলের ফুটবলার রিজন হোসে। কেরল ফুটবলে পরিচিত মুখ ছিলেন রিজন। তাঁর অকালমৃত্যুতে শোকপ্রকাশ করেছে ইস্টবেঙ্গল।

গত ৬ সেপ্টেম্বরই ২৯ বছরে পা দিয়েছিলেন রিজন। চলতি মরশুমে কালিকট এফসির হয়ে খেলাও শুরু করেছিলেন তিনি। জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ বাইকে করে যাচ্ছিলেন রিজন। তাঁর সঙ্গে ছিলেন আরও এক ফুটবলার ঘানি আহমেদ নিগম। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক আচমকা তাঁদের বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে রাস্তার পাশে ছিটকে পড়েন দুই ফুটবলার। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় রিজনের।

কেরলের হয়ে সন্তোষ ট্রফিতেও প্রতিনিধিত্ব করেছেন রিজন। কালিকট এফসির জার্সিতে জিতেছিলেন কেরলের ঘরোয়া ফুটবলের ট্রফি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা প্রতিযোগিতায় তাঁর খেলার কথা ছিল। সেই লক্ষ্যে প্রাক-মরশুম প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন তিনি।

কলকাতার ফুটবলপ্রেমীদের কাছেও পরিচিত ছিলেন রিজন। গত মরশুমে শ্রীভূমি এফসির হয়ে কলকাতা লিগে খেলেছিলেন এই ডিফেন্ডার। একাধিক ম্যাচে তাঁকে মাঠে দেখা গিয়েছে। এর আগে ২০২২ সালে জর্জ টেলিগ্রাফের জার্সিতেও কলকাতা লিগে খেলেছিলেন রিজন। কলকাতা ময়দানে খেলে যাওয়া এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে ইস্টবেঙ্গল।

এদিকে দলের ফুটবলারকে হারিয়ে গভীর শোকে কালিকট এফসি। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে লেখা হয়েছে, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে। এত দ্রুত তোমাকে হারিয়ে বিদায় জানাতে হবে, তা আমরা কখনও ভাবিনি। তুমি চিরকাল আমাদের চ্যাম্পিয়ন হয়ে থাকবে। রেস্ট ইন পিস।’

উল্লেখ্য, প্রায় দু’বছর অন্য ক্লাবে কাটানোর পর চলতি মরশুমেই ফের কালিকট এফসিতে ফিরেছিলেন রিজন। নতুন মরশুমে মাঠে নামার প্রস্তুতি চলছিল তাঁর। কিন্তু প্রতিযোগিতায় নামার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় থেমে গেল তাঁর ফুটবলজীবন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.