শেষ তিন ম্যাচে ধারাবাহিকভাবে ছন্দে ফিরছিল মহমেডান স্পোর্টিং। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে তারা নিজেদের শক্তি প্রদর্শন করেছিল। তবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের একদিন আগে মহমেডানের ড্রেসিংরুমে দেখা দিল অশান্তি। বেতন বকেয়ার অভিযোগ তুলে অনুশীলনে নামতে অস্বীকৃতি জানান ফুটবলাররা। ড্রেসিংরুম থেকে শোনা যায়, “নো মানি, নো ট্রেনিং।”
মাঠে এসে দাঁড়িয়ে ছিলেন কোচ আন্দ্রে চেরনিশভ, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, ও কোচিং স্টাফ। তবে ফুটবলারদের অনুশীলন করতে দেখা যায়নি। পরিস্থিতি সামলাতে মাঠে ছুটে আসেন সিইও রজত মিশ্র। প্রায় ৪৫ মিনিট ধরে ফুটবলারদের সঙ্গে বৈঠক করার পর তাদের অনুশীলনে নামানো সম্ভব হয়।
বেতন সমস্যার বিষয়ে জানতে চাইলে সিইও দাবি করেন, “আমাদের দলে কোনও সমস্যা নেই।” তবে ফুটবলারদের অভিযোগ অন্য। সূত্র জানাচ্ছে, কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি বলেছেন, “আমরা হিসাব করছি। খুব বেশি বেতন বাকি নেই। ম্যাচের পর আলোচনা হবে।”
মহমেডান স্পোর্টিংয়ের ইতিহাসে এমন অস্থিরতা নতুন নয়। তবে অনুশীলন বয়কটের মতো বিদ্রোহে ফুটবলারদের মানসিক অবস্থা ও ক্লাব ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্ট। চেন্নাই ম্যাচের আগেই সমস্যার সমাধান না হলে তা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। ফুটবলারদের আস্থা ফেরাতে ক্লাব কতটা দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।







