রাতের অন্ধকারে যমুনা এক্সপ্রেসওয়ের উপর হঠাৎই দাউদাউ করে জ্বলে উঠল পর্যটক বোঝাই একটি স্লিপার বাস। অধিকাংশ যাত্রী তখন ঘুমের মধ্যে। আগুনের তীব্রতা এত দ্রুত বাড়তে থাকে যে অনেকেই কিছু বুঝে ওঠার আগেই আটকে পড়েন বাসের ভিতরে। প্রাণ বাঁচাতে কেউ দরজার দিকে ছুটেছেন, কেউ আবার জানলা দিয়ে বেরনোর মরিয়া চেষ্টা করেছেন। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ঘটনাটি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের। জানা গিয়েছে, প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল বাসটি। আচমকাই বাসের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা যাচ্ছে।
আগুন বুঝতে পেরে বাসের ভিতরে শুরু হয় তীব্র হুড়োহুড়ি। দ্রুত ধোঁয়ায় ভরে যায় গোটা বাস। বাইরে বেরনোর জন্য দরজার সামনে ভিড় জমে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কয়েকজন যাত্রী জানলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় বাসটির বড় অংশ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও জেবর থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পরিস্থিতির খোঁজ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রীর কথায় উঠে এসেছে সেই ভয়াবহ রাতের ছবি। তাঁর দাবি, ঘুমের মধ্যে হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ শুনে ঘুম ভাঙে। চোখ খুলেই দেখতে পান, চারদিকে আতঙ্ক। কোনও রকমে ফোন হাতে নিয়ে বাস থেকে বেরিয়ে আসেন তিনি। জুতো পরারও সময় পাননি।
ওই যাত্রীর কথায়, বাসের ভিতর তখন ঘন ধোঁয়া। কিছুই দেখা যাচ্ছিল না। দমবন্ধ হয়ে আসছিল। দরজার কাছে এতটাই ভিড় হয়েছিল যে একে অপরকে ধাক্কা দিয়ে বেরনোর চেষ্টা করছিলেন যাত্রীরা। শেষ পর্যন্ত একজন তাঁর হাত ধরে বাইরে টেনে না আনলে কী হত, তা তিনি জানেন না।
ঠিক কী কারণে বাসটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় মৃত ও আহতের সঠিক সংখ্যা নিয়েও প্রশাসনের তরফে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






