স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় উদ্যোগের ঘোষণা। নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’ নামে তৈরি হতে চলেছে অত্যাধুনিক হাসপাতাল। এই প্রকল্পে ১০০০টি শয্যা দুস্থ ও গরিব রোগীদের জন্য বিনামূল্যে রাখা হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার নিউটাউনে এই মেগা প্রকল্পের ভূমিপুজো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার জন্য এটা ঐতিহাসিক দিন। দেশের কোথাও গরিবদের জন্য এমন ব্যবস্থা নেই।” তাঁর দাবি, বাংলার পুনর্গঠনে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। একইসঙ্গে বামফ্রন্ট এবং তৃণমূলের বিরুদ্ধে সরব হন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুর বক্তব্য, “উনি শুধু করব করব বলেছেন আর ভাতা দিয়েছেন।”
প্রায় চার মাস আগে নিউটাউনে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল। দ্রুতই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠান থেকে আদানি গোষ্ঠীর সঙ্গে এই প্রকল্প নিয়ে কীভাবে আলোচনা শুরু হয়েছিল, সেই কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই করণ আদানি তাঁর সঙ্গে দেখা করেন। নিউটাউনে আধুনিক হাসপাতাল তৈরির ইচ্ছার কথা জানান তিনি। এরপর মুখ্যমন্ত্রীর সম্মতি মেলার পর গৌতম আদানির অনুমোদনও আসে এবং কয়েক মাসের মধ্যেই প্রকল্পের ভূমিপুজো হয়ে গেল।
শুভেন্দু জানান, ৫১ একর জমির উপর তৈরি হবে হাসপাতালটি। মোট শয্যার ৫০ শতাংশ অর্থাৎ ১০০০টি বেডে দরিদ্রদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। তাঁর দাবি, এই ধরনের উচ্চমানের হাসপাতালে গরিবদের জন্য এমন পরিষেবার ব্যবস্থা দেশের অন্য কোথাও নেই। তাঁর কথায়, এই প্রকল্প বাংলার জন্য একটি মাইলস্টোন। হাসপাতালকে ঘিরে নিউটাউনে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যনগরী গড়ে উঠবে।
এদিনের মঞ্চ থেকেই বাংলায় আরও বিনিয়োগের জন্য আদানি গোষ্ঠীকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলা নানা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। তাঁর দাবি, বাম আমলে শ্রমিক সংগঠনের সমস্যার কারণে ৫৪টি কারখানা বন্ধ হয়েছিল। পাশাপাশি, গত ১৫ বছরে তৃণমূল সরকার শিল্পায়নের দিকে যথেষ্ট নজর দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আদানি গোষ্ঠীই বাংলাকে নতুন করে দাঁড় করাতে পারে”, তাই রাজ্যের উন্নয়নে তাদের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, দাদনপাত্র বারে গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে আদানি গোষ্ঠীর। এর পাশাপাশি বন্দর, স্বাস্থ্য, পণ্য পরিবহণ, বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, সড়ক, সেতু, সিমেন্ট এবং হাইপারস্কেল ডেটা সেন্টারের মতো একাধিক ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
গৌতম আদানি এদিন জানান, ২০৩৫ সালের মধ্যে বাংলায় প্রায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁদের। এই বিনিয়োগের ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বেকারত্ব কমানোর ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করা হয়েছে।







