দেশ

‘সরকার এনকাউন্টার করে মেরে ফেলতে পারে’, বিস্ফোরক দাবি সোনম ওয়াংচুকের

লাদাখের দাবিদাওয়া নিয়ে আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সোনম ওয়াংচুক ফের বিস্ফোরক মন্তব্য করলেন। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে যোগ দিয়ে অনশন করেছিলেন তিনি। সেই আন্দোলনে সাফল্যও আসে। এরপর সরকারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। তবে এবার সেই ওয়াংচুকেরই দাবি, কেন্দ্রীয় সরকার তাঁর প্রতি এতটাই ক্ষুব্ধ যে তাঁকে এনকাউন্টার করে হত্যা করা হতে পারে। তাঁর বক্তব্য, এমনটা হলে অন্তত গোটা দেশ জানতে পারবে লাদাখের সঙ্গে কী ধরনের অন্যায় হচ্ছে।

লাদাখ ও লেহবাসীর বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব সোনম ওয়াংচুক। ২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই পূর্ণ রাজ্যের মর্যাদা এবং আরও বেশি স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা।

২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর লাদাখের আন্দোলন হিংসাত্মক চেহারা নেয়। নিরাপত্তারক্ষীদের গুলিতে চারজন লাদাখবাসীর মৃত্যু হয়। সেই ঘটনার এক বছর পূর্তিতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ওয়াংচুক। তাঁর দাবি, “চিন তিব্বতবাসীর সঙ্গে যতটা খারাপ আচরণ করছে, ভারত সরকার লাদাখবাসীর সঙ্গে তার থেকেও বেশি খারাপ ব্যবহার করছে।”

গত বছরের ওই হিংসাত্মক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছিল। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে অজ্ঞাত স্থানে দীর্ঘদিন বন্দি রাখা হয়। সেই ঘটনার বর্ষপূর্তিতে এক সাক্ষাৎকারে নিজের আশঙ্কার কথা জানান তিনি। ওয়াংচুক বলেন, সরকার তাঁকে দমন করার চেষ্টা করবে বলে তিনি জানেন। এর আগেও তাঁকে জেলে পাঠানো হয়েছে। তাঁর কথায়, এবার শুধু এনকাউন্টার করাটাই বাকি। এমনকী তাঁকে এনকাউন্টারে মেরে ফেলার আশঙ্কার কথাও অনেকে তাঁকে বলেছেন বলে দাবি করেন তিনি।

ওয়াংচুক আরও বলেন, যদি তাঁকে এনকাউন্টারে হত্যা করা হয়, তাহলে অন্তত দেশবাসী জেগে উঠবেন এবং লাদাখের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন।

এদিকে লাদাখবাসীর বিভিন্ন দাবি নিয়ে বর্তমানে কেন্দ্রের সঙ্গে আলোচনায় রয়েছে লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)। স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে চলা সেই আলোচনায় ওয়াংচুকও অংশ নিচ্ছেন। এর মধ্যেই তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.